নতুন মজুরি বোর্ড বাস্তবায়নের আগ পর্যন্ত আলাপ-আলোচনা করে পোশাকশ্রমিকদের মহার্ঘ ভাতা দিতে তৈরি পোশাকশিল্প মালিকদের অনুরোধ করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। সম্প্রতি আশুলিয়ার শ্রমিক বিক্ষোভ ও কারখানা বন্ধের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার রাতে এক বৈঠক শেষে নৌমন্ত্রী শাজাহান খান এ অনুরোধ করেন। তাঁর মতে, ট্রেড ইউনিয়ন থাকলে এটি নিয়ন্ত্রণ করা যেত। তিনি বলেন, শ্রমিকদের দিতে হবে, তাহলেই কম ক্ষতি হবে। শ্রমিকদের বেতন-ভাতা যৌক্তিক পর্যায়ে নিয়ে যেতে হবে। আজ বৃহস্পতিবার সরকার ঘোষিত মজুরি বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম। মজুরি বোর্ড যা বলবে, বিজিএমইএ তা পালন করবে বলে জানান তিনি।বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, বিজিএমইএর সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী প্রমুখ। এতে আশুলিয়ার বেশ কয়েকজন তৈরি পোশাক কারখানার মালিক সেখানকার উদ্ভূত পরিস্থিতি বিস্তারিত তুলে ধরেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর আজ থেকে আশুলিয়ার সব মালিককে কারখানা খোলার পরামর্শ দেন। তিনি বলেন, ‘এ শিল্প রক্ষায় যা যা করা দরকার, সরকার সব করবে। আইনশৃঙ্খলার প্রতিকূলে কোনো ঘটনা সহ্য করা হবে না।’ স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যাঁরা কারখানাগুলোতে বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন, তাঁদের তালিকা করার চেষ্টা চলছে। ইতিমধ্যে কিছু নাম পাওয়া গেছে। তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দলের তরফ থেকে এ বিশৃঙ্খলা করা হচ্ছে। ইতিমধ্যে আমরা তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া শুরু করেছি।’শাজাহান খান বলেন, বিশৃঙ্খলার সঙ্গে সরকার কিংবা ১৪ দলের কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংশোধনের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে। যাঁরা এনজিও করবেন, তাঁরা কোনোভাবেই ট্রেড ইউনিয়ন করতে পারবেন না। শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেন, দেশে সংকট বাড়াতে দেশি-বিদেশি চক্র পোশাকশিল্পের পেছনে লেগেছে। তিনি আরও বলেন, ‘আমরা আশুলিয়া যাব। সবার সঙ্গে বৈঠক করে সমস্যা চিহ্নিত করব।’ তিনি মালিকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের সমন্বয়হীনতার জন্যও কিছু সমস্যা হচ্ছে। মজুরি বোর্ড ঘোষণার আগেই যদি আপনারা দাবিদাওয়া মেনে নেন, তবে বোর্ডের তো আর কার্যকারিতা থাকবে না।’ রানা প্লাজা ধসের পর চলতি মাসের শুরু থেকেই আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ চলছে। সর্বশেষ গতকাল আশুলিয়ার নরসিংহপুরের চারটি পোশাক কারখানা অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।