পোশাককর্মীদের 'ধৈর্য ধরার' পরামর্শ নৌমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাজাহান খান
শাজাহান খান

বেতন বাড়ানোর ব্যাপারে মজুরি বোর্ডের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত পোশাক কারখানার শ্রমিকদের ধৈর্য ধরতে ও শান্ত থাকার পরামর্শ দিয়েছেন নৌপরিবহনমন্ত্রী ও গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক শাজাহান খান।
আজ রোববার গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ওই আহ্বান জানান নৌমন্ত্রী। গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক শাজাহান খান ও সদস্যসচিব বদরুদ্দোজা নিজাম এক যৌথ বিবৃতিতে বলেন, পোশাকশ্রমিকদের মজুরির বিষয়ে এরই মধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। মজুরি বোর্ড সময়মতো এ ব্যাপারে সিদ্ধান্ত দেবে বলে তাঁরা বিশ্বাস করেন। মজুরি বোর্ডকে গ্রহণযোগ্য করার জন্য মজুরি নির্ধারণ বোর্ডে শ্রমিক প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেজন্য মজুরি বোর্ডের সিদ্ধান্তে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে তাঁরা আশা করেন।
বিবৃতিতে পোশাকশ্রমিকদের সতর্ক করার আহ্বান জানিয়ে বলা হয়, পোশাকশ্রমিকদের ঐক্য দেখে অনেকে এটিকে নস্যাত্ করতে বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ চালানোর অপচেষ্টা করছেন। এ বিষয়ে শ্রমিকদের সতর্ক থেকে কাজ করার এবং যানবাহন ভাঙচুর না করার জন্য তাঁরা আহ্বান জানান। পবিত্র ঈদুল আজহার আগেই শ্রমিকদের বকেয়া বেতন আগের মজুরি কাঠামো অনুযায়ী দেওয়ার জন্য গার্মেন্টস মালিকদের প্রতি তাঁরা আহ্বান জানান।
বিবৃতিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করার জন্য শ্রমিকদের ধন্যবাদ জানানো হয়।