পোশাকভর্তি কাভার্ড ভ্যান ছিনতাই, পরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল সোমবার ভোরে ছিনতাই হওয়া পোশাকভর্তি একটি কাভার্ড ভ্যান উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র জানায়, কাভার্ড ভ্যানে ৬১ লাখ টাকা দামের শিশুদের পোশাক ছিল। পোশাকগুলো নেদারল্যান্ডে রপ্তানি করা হচ্ছিল। পুলিশ ও কাভার্ড ভ্যানের চালক জানান, রোববার সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকায় অবস্থিত স্কয়ার গ্রুপের একটি পোশাক কারখানা থেকে পোশাক নিয়ে একটি কাভার্ড ভ্যান চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাত্রা করে। কাভার্ড ভ্যানটি গতকাল ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলে পৌঁছায়। এ সময় মাইক্রোবাসে থাকা ৮-১০ জন লোক নিজেদের র‌্যাবের সদস্য পরিচয় দিয়ে কাভার্ড ভ্যানটি থামায়। এ সময় ওই ব্যক্তিরা দাবি করে, কাভার্ড ভ্যানে অবৈধ পণ্য আছে। একপর্যায়ে তারা কাভার্ড ভ্যানের চালক ও তাঁর সহকারীকে মারধর করে গাড়ি থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। এরপর ডাকাতেরা কাভার্ড ভ্যানের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।সূত্র জানায়, এরপর চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় গিয়ে ডাকাতেরা কাভার্ড ভ্যানের চালক ও সহকারীকে নামিয়ে দেয়। এ সময় চালক বিষয়টি হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়িতে জানায়। জোরারগঞ্জ ফাঁড়ির পুলিশ বিষয়টি মুহুরীগঞ্জ ফাঁড়ির পুলিশকে জানায়। এরই একপর্যায়ে ডাকাতেরা কাভার্ড ভ্যানটি ঘুরিয়ে ঢাকার দিকে রওনা দেয়। খবর পেয়ে মুহুরীগঞ্জ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কাশেমের নেতৃত্বে একদল পুলিশ কাভার্ড ভ্যানটি ধাওয়া করে। ধাওয়া খেয়ে ডাকাতেরা ফেনী সদর উপজেলার কসবা নামক স্থানে কাভার্ড ভ্যানটি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ নিজকুঞ্জরা বিসিক শিল্প এলাকার সামনে থেকে মানিক মিয়া (৩০) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করে। পুলিশ মালামালসহ কাভার্ড ভ্যানটি ফেনী মডেল থানায় নিয়ে গেছে। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার আবু আহমঞ্চদ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।