পোশাকশিল্প শ্রমিকদের গর্ব রোকসানা খাতুন
দর্শকসারি কানায় কানায় পূর্ণ। বাইরে অপেক্ষায় আছেন আরও অনেকে। সবার পরনে নতুন জামা। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে আসা সবাই পোশাকশ্রমিক। তাঁরা গতকাল শনিবার রাজধানীর একটি তারকা হোটেলে এসেছিলেন পোশাকশিল্পীদের গানের প্রতিযোগিতা ‘গর্ব’র চূড়ান্ত আয়োজন দেখতে। প্রতিযোগিতায় শীর্ষ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোশাকশিল্পের শ্রমিকদের দরদি মন নিয়ে সন্তানের মতো ভালোবেসে কাজ আদায়ের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি যে শিল্পশ্রমিকদের ভাত-কাপড়, রুটি-রুজির ব্যবস্থা করে তা যাতে কেউ নষ্ট করতে না পারে, সেদিকে সজাগ ও সচেতন থাকতে বলেন।পোশাকশিল্পের বৃহৎ কর্মীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) উদ্যোগে আয়োজন করা হয় নতুন এই সংগীত প্রতিযোগিতা। ‘গাও প্রাণ খুলে গাও’ স্লোগান নিয়ে শুধু পোশাকশ্রমিকদের জন্য আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব গতকাল অনুষ্ঠিত হয়েছে। ৩০ হাজার পোশাকশ্রমিকের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করেছেন রোকসানা খাতুন। এর পরেই আছেন যথাক্রমে পাভেল রহমান ও রাজিবুল ইসলাম। প্রথম স্থান অধিকারীকে ১০ লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ছয় লাখ টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে চার লাখ টাকা পুরস্কার দেওয়া হয়।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার সমবায় ও পল্লী উন্নয়নমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ এবং বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শিদী।শুধু পুরস্কার দেওয়া-নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না অনুষ্ঠানটি। গান, নৃত্যসহ পোশাকশিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখর ছিল সারাক্ষণ। বিভিন্ন সময়ে মঞ্চে এসে গান করেন শীর্ষ ১০ জন প্রতিযোগী রোকসানা খাতুন, প্রিয়া দাশ, মেজবাহ উদ্দিন, মুরাদুজ্জামান, ফরহাদ হোসেন, রাকিবুল হোসেন, শাহীন, পাভেল রহমান, সাগর রায় ও রাজীব।