পোশাকশিল্প শ্রমিকদের জন্য ওয়ার্কার্স পার্টির পাঁচ দফা দাবি
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য পাঁচ দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকাল সকালে রাজধানীর মুক্তাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে এসব দাবি উত্থাপন করা হয়।পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ট্রেড ইউনিয়ন চর্চার অধিকার, ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা ঘোষণা, শ্রমিকদের ন্যায্যমূল্যে রেশন দেওয়া, পুলিশি হয়রানি বন্ধ করা, গ্রেপ্তারকৃত সব শ্রমিক নেতা-কর্মীর মুক্তি ও বন্ধ কারখানা চালু করা।সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রাশেদ খান মেনন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন অনুযায়ী শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে। শ্রম অসন্তোষ দেখা দিলে মামলা-হামলা, পুলিশি হয়রানি বন্ধ করে আলোচনার মাধ্যমে নিরসন করতে হবে।সভায় বলা হয়, তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ন্যায়সংগত দাবির প্রতি ওয়ার্কার্স পার্টি সমর্থন জানাচ্ছে।সভায় সভাপতিত্ব করেন শ্রমিক নেতা কমরেড সফিউদ্দিন আহমেদ। বক্তব্য দেন পার্টির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান, শ্রমিক নেতা আমিরুল হক, রফিকুল ইসলাম, মোহাম্মদ আলী, তপন সাহা, আবদুল মোতালেব হাওলাদার প্রমুখ।