পোশাকশিল্পকে রাজনীতিমুক্ত করা জরুরি: জার্মান রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানি মনে করে, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বাড়ানোর মতো বিষয়কে রাজনীতিমুক্ত রাখতে হবে। এর জন্য প্রতিবছর পোশাকশ্রমিকদের বেতন মূল্যায়নের জন্য একটি স্থায়ী কাঠামো গড়ে তোলা অপরিহার্য।
ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আলব্রেখট কনজে গতকাল মঙ্গলবার তাঁর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ পরামর্শ দেন। সম্প্রতি শেষ হওয়া জার্মানির পার্লামেন্ট নির্বাচনের বিষয়ে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, পোশাকশিল্পে আবার কোনো দুর্ঘটনা ঘটার আগেই জার্মানিসহ ইউরোপের ক্রেতারা খতিয়ে দেখবেন, রানা প্লাজা ধসের পর কর্মপরিবেশের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়িত হয়েছে।
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের অন্যতম প্রধান ক্রেতা হিসেবে চলমান বিক্ষোভ সম্পর্কে জানতে চাইলে আলব্রেখট কনজে বলেন, এ শিল্পের শ্রমিকদের বেতন বাড়ানোর কোনো বিকল্প নেই। কারণ, অন্য শিল্পের শ্রমিকদের তুলনায় তাঁদের নিম্নতম মজুরি অনেক কম। তাঁর প্রত্যাশা মালিক ও শ্রমিকেরা আলোচনার মাধ্যমে সুরাহায় পৌঁছাবেন।
জার্মান রাষ্ট্রদূত শ্রমিকদের চলমান অসন্তোষকে একই সঙ্গে ‘বিস্ফোরণোন্মুখ’ ও ‘ধোঁয়াশাময়’ বলে অভিহিত করেন। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হচ্ছে এমন একটি কাঠামো গড়ে তোলা, যাতে করে প্রতিবছর বেতনের হার পর্যালোচনা করা যায়। এতে কয়েক বছর পর বিপুল পরিমাণে বেতন বাড়াতে হবে না।