পোশাকশিল্পে অস্থিরতায় উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন শ্রমিক, নাগরিক ও আন্তর্জাতিক সংগঠন। গতকাল বৃহস্পতিবার বিবৃতিতে আট হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের বর্তমান আন্দোলনের প্রতি সংহতি জানায় সংগঠনগুলো। একই সঙ্গে এই দাবির বিপক্ষে মালিকদের অবস্থানের সমালোচনা করেছে তারা।
বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের (ডব্লিউএফটিইউ) বাংলাদেশ কমিটি গতকাল এক বিবৃতিতে শ্রমিকদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শ্রমিকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানায়। গত বুধবার সংগঠনটির প্রধান কার্যালয় গ্রিসের এথেন্স থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ন্যূনতম মজুরি, স্বাস্থ্য ও নিরাপদ কর্মপরিবেশের বিষয়ে সরকারের উদাসীনতার জন্য এই খাতে বহু শ্রমিক নিহত ও আহত হচ্ছেন। সরকার ধনিকশ্রেণী ও বহুজাতিক কোম্পানির স্বার্থরক্ষায় কাজ করছে। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) গতকাল এক সভায় আট হাজার টাকা মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকারের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানায়। মালিকপক্ষ ও সরকার যুক্তিসংগত ও ইতিবাচক পদক্ষেপ না নেওয়ায় বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে স্কপের সভায় মন্তব্য করা হয়। সফিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহিদুল্লাহ চৌধুরী, ওয়াজেদুল ইসলাম, শাহ মো. আবু জাফর প্রমুখ।
পোশাকশিল্পে ন্যূনতম মজুরি সাত হাজার টাকা করার দাবি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু এক বিবৃতিতে এই দাবি করেন। মালিকপক্ষ, সরকার, রাষ্ট্র সবাইকে যথাযথ সমাধানের জন্য এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ) বিবৃতিতে বলেছে, সরকার মুনাফালোভী মালিকদের লাঠিয়াল হিসেবে মাঠে নেমেছে। সংগঠনের সভাপতি ফয়জুল হাকিম ও সাধারণ সম্পাদক আমীর আব্বাস শ্রমিকদের মোট মজুরি ১৮ হাজার টাকা করার দাবি করেন।