আশুলিয়াতে পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ। এখনই ব্যবস্থা নেওয়া না হলে দেশের অন্য এলাকায় এই অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে তারা। সংগঠনের নেতারা বলেন, সরকার আন্তরিক হলে এসব ঘটনা নিরসন করা সম্ভব। নগরের সিঅ্যান্ডএফ টাওয়ারে ‘পোশাকশিল্পে অস্থিরতা এবং অর্থনীতির সংকট’ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাহাজে পণ্য রপ্তানিকারকদের সংগঠন শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ। এতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী। এ সময় সংগঠনেরসদস্য এরশাদ উল্লাহ, মোহাম্মদ হানিফ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। নাসির উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘যেসব কারখানা থেকে পোশাকশিল্পে অস্থিরতা ছড়িয়ে পড়েছে, সেগুলোতে শ্রমিকদের ন্যায্য বেতন-ভাতা দেওয়া হয়।এ কারণে এই অস্থিরতার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে। ন্যায্য বেতন-ভাতা দিচ্ছে না,এমন কারখানা থেকে যদি অস্থিরতা ছড়িয়ে পড়ত, তাহলে শ্রমিকদের আন্দোলন করার যুক্তি থাকত।’ চট্টগ্রামে পোশাকশিল্পে অস্থিরতার আশঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, পোশাকশিল্পে কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে সমস্যার সমাধান করার জন্য সিদ্ধান্ত হয়েছে। এ কারণে এখানে কোনো সমস্যা হবে না।চট্টগ্রাম বন্দরে জাহাজের গড় অবস্থান কমলেও ভাড়া না কমায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জাহাজ কোম্পানি ও কনটেইনারের মালিকপক্ষ এখন আগের চেয়ে বন্দরের সুফল ভোগ করছে। বন্দরে এখন একটি জাহাজে দু-তিন দিনের বেশি অবস্থান করতে হয় না। আগে আট-নয় দিন সময় লাগত। অথচ অবস্থান কমলেও ভাড়া কমানো হচ্ছে না। এতে রপ্তানিকারকেরা সুফল পাচ্ছেন না বলে তিনি মন্তব্য করেন।