পোশাকশিল্পে কর্মরত নারী শ্রমিকদের যৌন ও প্রজননস্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ প্রতিবন্ধকতা ও করণীয়
>

গত ১৭ জানুয়ারি ২০১৭, প্রথম আলোর আয়োজনে ‘পোশাকশিল্পে কর্মরত নারী শ্রমিকদের যৌন ও প্রজননস্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ: প্রতিবন্ধকতা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে ছাপা হলো।
সহযোগিতায়:

আলোচনায় সুপারিশ
* কারখানার উৎপাদনশীলতা বাড়াতে হলে নারী শ্রমিকদের শারীরিক, মানসিক; বিশেষ করে যৌন ও প্রজননস্বাস্থ্যের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে
* কমপ্লায়েন্ট, নন–কমপ্লায়েন্ট—সব ধরনের কারখানায় বাধ্যতামূলকভাবে নারী সুপারভাইজার থাকতে হবে
* পোশাকশিল্প খাতের মূল চালিকাশক্তি বিশাল নারী কর্মীদের স্বাস্থ্যসহ সব সুযোগ–সুবিধা নিশ্চিত করার দায়িত্ব কারখানার মালিক, ক্রেতা, বিজিএমইএ, বিকেএমইএ, সরকার, দাতা সংস্থাসহ সবার
* নন–কমপ্লায়েন্ট কারখানাগুলোয় নারীদের সমস্যা অনেক তীব্র, সংশ্নিষ্ট কর্তৃপক্ষ যেন এ ব্যাপারে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করে
আলোচনা
আব্দুল কাইয়ুম: স্বাস্থ্যক্ষেত্রে দেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ ধারা অব্যাহত রাখতে হলে এ ক্ষেত্রে আরও কাজ করতে হবে। দেশের নারী পোশাককর্মীরা আমাদের অর্থনীতিতে বিশাল অবদান রাখছেন। তাঁদের স্বাস্থ্য, বিশেষভাবে যৌন ও প্রজননস্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। এসব বিষয় নিয়ে আজকের আলোচনা। এখন সূচনা বক্তব্য দেবেন মিকাইল শিপার।

মিকাইল শিপার: আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পোশাকশিল্প বিশ্বে একটি উল্লেখযোগ্য অবস্থানে আছে। ৪০ লাখের বেশি শ্রমিক এখানে কাজ করেন। এর প্রায় ৮০ শতাংশই নারী শ্রমিক। এই নারীরা আমাদের অর্থনীতির চালিকাশক্তি।
পোশাকশিল্পের প্রত্যেক মালিক উৎপাদনশীলতার ওপর বেশি গুরুত্ব দেন। কিন্তু শ্রমিকের স্বাস্থ্য ঠিক থাকলে, কাজের পরিবেশসহ বিভিন্ন দিক ঠিক থাকলেই কেবল উৎপাদনশীলতা বাড়বে। নারী শ্রমিকদের জন্য আমরা একটি বড় কাজ করেছি। শ্রম আইন সংশোধনের সময় তাঁদের জন্য বিশেষ ধারা রেখেছি।
বাংলাদেশে এই প্রথমবারের মতো শ্রম বিধিমালা জারি করেছি। বিধিমালায় নারী শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হয়েছে। কোনো নারী শ্রমিক রাত ১০টার পর কারখানায় কাজ করতে পারবেন না। ওভারটাইম করাতে হলে অবশ্যই তাঁর অনুমতি নিতে হবে। কর্মক্ষেত্র নিরাপদ করতে হবে। এসব বিষয় সংশোধিত আইনে নিশ্চিত করা হয়েছে। এসব ঠিকভাবে প্রয়োগ করতে পারলে নারী শ্রমিকদের অনেক কল্যাণ হবে। আজকের আলোচনায় যেসব বিষয় আসবে, সেগুলোও আমরা বিবেচনায় নেব।

খালেদ আহমেদ: পোশাকশিল্পে কর্মরত নারীদের যৌন ও প্রজননস্বাস্থ্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। পরিবার পরিকল্পনাসেবা, মাতৃস্বাস্থ্যসেবা, মাসিক ব্যবস্থাপনা, নিরাপদ এমআর সেবা ইত্যাদি সম্পর্কে পর্যাপ্ত ধারণার অভাব রয়েছে। কোথায় গেলে কী ধরনের সেবা পাওয়া যায়, এ বিষয়ে তঁারা খুব বেশি জানেন না।
২০১৪ সাল থেকে এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও এ্যামবেসি অফ দি কিংডম অফ দি নেদারল্যান্ডসের আর্থিক সহায়তায় ‘ওয়ার্কিং উইথ উইমেন’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে। এ প্রকল্পের কার্যক্রমের মধ্যে রয়েছে স্বাস্থ্যকর মাসিক ব্যবস্থাপনা, নিরাপদ এমআর সেবা, পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের পরামর্শ, যৌনবাহিত রোগের ঝুঁকি, গর্ভকালীন ও গর্ভ-পরবর্তী সেবা গ্রহণে সহযোগিতা, প্রজননস্বাস্থ্য অধিকার বিষয়ে ধারণা দেওয়া ইত্যাদি। কিন্তু বেশির ভাগ পোশাকশিল্পে কর্মরত নারীরা যৌন ও প্রজননস্বাস্থ্যসেবা পান না।
কাজের চাপে বাইরে থেকেও এ সেবা গ্রহণের সুযোগ থাকে না। আবার অধিকাংশ ক্ষেত্রে মানসম্মত সেবা নেওয়ার মতো অর্থ তাঁদের থাকে না। ফলে অনেক নিম্নমানের সেবা গ্রহণ করে আরও সমস্যায় পড়েন। অনেক কারখানায় পুরুষ সুপারভাইজারদের কাছে নারীরা সবকিছু বলতে পারেন না। তাই নারীরা প্রতিনিয়ত এ ধরনের সমস্যার মধ্যে কাজ করছেন।
পোশাকশিল্প খাতের মূল চালিকাশক্তি হলো বিশাল নারী কর্মী বাহিনী। তাঁদের স্বাস্থ্য ভালো রাখার দায়িত্ব কারখানার মালিক, ক্রেতা, বিজিএমইএ, বিকেএমইএ, সরকার, দাতা সংস্থা, মিডিয়া ও ট্রেড ইউনিয়নের। একটি সুস্থ কর্মী বাহিনীই কেবল পারে পোশাকশিল্পের ক্রমবর্ধমান জয়যাত্রাকে এগিয়ে নিতে। পোশাকশিল্পে কর্মরত নারী শ্রমিকদের যৌন ও প্রজননস্বাস্থ্যের বিষয়টি সবাইকে গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।

তাসলিমা বেগম: অনেক পোশাকশিল্পে ভালো টয়লেট নেই। এ জন্য মেয়েদের সমস্যা হয়। পোশাকশিল্পে নারী সুপারভাইজার না থাকলে মেয়েরা তাঁদের মাসিকসহ প্রজননস্বাস্থ্যের বিষয়ে বলতে পারেন না। এ সময় ছুটি খুব প্রয়োজন। পুরুষ সুপারভাইজারদের এটা আমরা বলতে পারি না। ফলে অনেকে ছুটি না নিয়েই অফিস থেকে চলে যান। পরে এই সমস্যার জন্য ছুটির দরখাস্ত করলে সেটা মঞ্জুর হয় না।
এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। আমাদের বেতন কিছুটা বেড়েছে। কিন্তু কাজের পরিমাণও অনেক বেড়েছে। এ কারণে শারীরিক কোনো সমস্যার জন্য ছুটি নিতে পারি না। পোশাকশিল্পে আমাদের সুযোগ-সুবিধার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

খাদিজা আক্তার: অনেক কারখানার যেমন সমস্যা আছে, তেমনি আমাদের নারী কর্মীদেরও সমস্যা আছে। নারী শ্রমিকদের অনেকেই হিসাব রাখেন না তাঁদের মাসিক কখন হবে। অধিকাংশ পোশাক কারখানায় স্যানিটারি ন্যাপকিন থাকে না। হঠাৎ করে মাসিক হলে তাঁরা ভীষণ সমস্যায় পড়ে যান। কারখানার ঝুট কাপড় ব্যবহার করতে বাধ্য হন। ফলে বিভিন্ন প্রকার যৌনবাহিত রোগে নারীরা আক্রান্ত হন।
আমি মনে করি, প্রতিটি কারখানায় স্যানিটারি ন্যাপকিন থাকা প্রয়োজন। এটা বিতরণেরও সুব্যবস্থা থাকা দরকার। কারখানায় কর্মরত অবস্থায় শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এ জন্য শ্রমিকেরা প্রশিক্ষণে মনোযোগী হতে পারেন না। কারণ, তাঁদের মাথায় থাকে যে প্রশিক্ষণ শেষে আবার কাজে ফিরে যেতে হবে। গাজীপুর, বাড্ডা, মিরপুর এসব এলাকার কারখানাগুলোতে নারীদের সমস্যা বেশি।

সৈয়দ এহতেশাম কবীর: পোশাকশিল্পের মালিকেরা শুরু থেকেই সরকারের আইন মেনে চলছেন। আইন যেন প্রয়োগ হয়, সে ক্ষেত্রেও মালিকেরা কাজ করছেন। এখন কোনো কারখানায় নারী-পুরুষের মধ্যে কোনো বৈষম্য নেই। এক মাস পরপর বিজিএমইএর প্রতিনিধিরা আইনের বিষয়গুলো মানা হচ্ছে কি না, সেটা দেখেন। সরকারও যেকোনো সময়ের থেকে বেশি তৎপর।
সবচেয়ে বড় কথা, মালিক তাঁর ক্রেতাদের ধরে রাখার জন্য এমন কিছু নেই, যা করছেন না। নারী শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়ে আইনে যেটা আছে, সেটা মানলেই যথেষ্ট হয়ে যায়। নিরাপদ পানি অবশ্যই থাকতে হবে। কোনো একজন নারী যখন প্রথম দিন থেকে কাজে যোগ দেন, সেদিন থেকেই তাঁর স্বাস্থ্যের পরিচর্যা শুরু হয়ে যায়।
এখন প্রায় অধিকাংশ কারখানায় দুই থেকে তিনজন নারী সুপারভাইজার আছেন। এই সুপারভাইজারদের যেকোনো নারী তঁাদের সমস্যার কথা বলতে পারেন। কারখানায় একজন নার্স থাকবেন, ওয়েলফেয়ার অফিসার থাকবেন, এটা এখন খুব স্বাভাবিক।
আমাদের কারখানাসহ অনেক কারখানায় মাসিক ব্যবস্থাপনার জন্য বাথরুমে স্যানিটারি ন্যাপকিন আছে, ঝুড়ি আছে। নিয়মিত বাথরুম পরিষ্কার করার জন্য ক্লিনার আছে। মোট কথা, পোশাকশিল্পে নারীদের আগের অবস্থা নেই। মালিকেরা তাঁদের নিজেদের প্রয়োজনেই নারী শ্রমিকদের স্বাস্থ্যের ব্যাপারে অনেক বেশি সচেতন।

সৈয়দ ইশতিয়াক রেজা: পোশাকশিল্পে মধ্য স্তরের ব্যবস্থাপনায় যাঁরা থাকেন, তাঁরাই মূলত কাজ করেন। এই ব্যবস্থাপনা যদি ঠিক থাকে, তাহলে শ্রমিকদের খুব বেশি সমস্যা থাকার কথা নয়। এই স্তরে বেশি করে নারী নেতৃত্ব আসা প্রয়োজন। তাহলে নারীদের যৌন ও প্রজননস্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে। কমপ্লায়েন্ট, নন-কমপ্লায়েন্ট—দুই জায়গাতেই সমস্যা আছে।
কারখানা পরিদর্শকেরা শুধু নিরাপত্তার বিষয়টি দেখেন। পরিদর্শনের মধ্যে শ্রমিকদের স্বাস্থ্য, বিশেষ করে নারী শ্রমিকদের যৌন ও প্রজননস্বাস্থ্যের সঠিক ব্যবস্থাপনা আছে কি না, এটি পরিদর্শকদের কাজের মধ্যে আনা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারকেও এগিয়ে আসতে হবে। করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি খুব বেশি কাজ করবে বলে মনে হয় না। তবে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারভিত্তিক কাজ বেশি ফলপ্রসূ হবে বলে ধারণা করি।
কোনো প্রতিষ্ঠানের সঙ্গে স্যানিটারি ন্যাপকিন সরবরাহের অংশীদারত্ব থাকবে, কোনো প্রতিষ্ঠানের সঙ্গে ওষুধ ও অন্যান্য সেবার অংশীদারত্ব থাকবে ইত্যাদি। এখন গণমাধ্যমে অনেক নারী কাজ করেন।
গণমাধ্যমের প্রিয় বিষয় হলো রাজনীতি, অপরাধ ও ব্যবসা। কিন্তু বড় ব্যবসার অভ্যন্তরে গণমাধ্যম খুব বেশি কাজ করে বলে মনে হয় না। তার ওপর পোশাকশিল্প নিয়ে একেকজনের একেক রকম ধারণা রয়েছে। এটা দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত। এখানে ৭০ শতাংশ নারী কাজ করেন। এ খাত দেশে বড় বড় আর্থিক প্রতিষ্ঠান গড়ে উঠতে সহায়তা করেছে।
বিশ্বের শ্রেষ্ঠ পোশাক কারখানাগুলো এখন বাংলাদেশে। এসব নিয়ে গণমাধ্যম তেমন একটা খবর প্রচার করে না। আমাদের কাছে খারাপ সংবাদ হলো ভালো সংবাদ। এখন সময় এসেছে সব বিষয়ে একটা পুনর্মূল্যায়ন হওয়া।

মহিম হাসান: আমাদের সব কটি ইউনিট কমপ্লায়েন্ট। তাই শ্রমিকেরা আমাদের প্রতিষ্ঠান থেকে সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। তবে আলোচনায় এসেছে, সবাই এটা ঠিকমতো করতে পারছে না। আমাদের সমাধানের দিকে যেতে হবে। সব সময় সমালোচনা করলে হবে না।
বাংলাদেশের অন্যান্য খাতসহ সার্বিক অবস্থা কী, সেটা বিবেচনায় নিতে হবে। তাহলে দেখা যাবে, পোশাকশিল্পে নারী কর্মীরা কোনোভাবেই অবহেলিত হচ্ছেন না। এখানে অনেক সম্মান ও মর্যাদার সঙ্গে তাঁরা কাজ করছেন। ঢাকা মহানগরে অনেক বাসায় নারী কর্মী কাজ করেন। তাঁদের জন্য আমরা কতটুকু করছি? কেবল পোশাকশিল্প নিয়ে সবাই কথা বলছি। আমাদের বাসায় যখন নারীরা সম্মান পাবেন, অন্য সব ক্ষেত্রে সুযোগ-সুবিধা, সম্মান, মর্যাদা আরও থাকবে, তখন পোশাকশিল্পে এটা আরও বেশি হবে। কারণ, এই মানুষগুলোর কেউ না–কেউ পোশাকশিল্পে নেতৃত্ব দেবেন। মহিলা সুপারভাইজারদের কথা বলা হয়েছে। এই সুপারভাইজারও নারী শ্রমিকদের প্রতি ভালো আচরণ না-ও করতে পারেন। যদি এ বিষয়ে তাঁর মানসিকতা তৈরি হয়ে না থাকে। তাঁর কাছে মনে হবে, এসব ছোটখাটো বিষয় নিয়ে এত কী ভাবার আছে?
প্রধানত আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। যেসব পোশাকশিল্পে স্বাস্থ্য সখী, নার্স, নারী সুপারভাইজার এবং ওয়েলফেয়ার অফিসার আছেন, তাঁদের মানসিকতা যেন নারীবান্ধব হয়, সে জন্য তাঁদের আরও বেশি প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। তবে পোশাকশিল্পে মোটেই আগের অবস্থা নেই। নারী শ্রমিকদের কাজের নিরাপত্তা, পরিবেশ, স্বাস্থ্য সুরক্ষার সুযোগ-সুবিধা অনেক বেড়েছে। ভবিষ্যতে আরও বাড়তে থাকবে।

মাশফিকা জামান সাটিয়ার: বাংলাদেশ মধ্য আয়ের দেশ হলে নেদারল্যান্ডস দূতাবাসের বর্তমানের সুযোগ-সুবিধার হয়তো পুনর্বিন্যাস হবে। এটা হয়তো বর্তমানের মতো না-ও থাকতে পারে। কমপ্লায়েন্ট, নন-কমপ্লায়েন্ট—দুই ধরনের পোশাকশিল্পের কথা আলোচনা হয়েছে। দুই শিল্পের অবস্থা দুই রকম, তবে কমপ্লায়েন্ট কারখানাগুলো নিয়ে এখন আর অভিযোগের সুযোগ কম। নন-কমপ্লায়েন্ট কারখানায় এখনো অনেক কিছু করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে এসব কোম্পানির অবস্থা এক অর্থে ভয়াবহ বলতে হবে।
মাতৃত্বকালীন ছুটিতে একবার গেলে তাঁদের আর চাকরি ফিরে পাওয়ার সুযোগ থাকে না। ছোট কারখানার পরিবেশ নিয়েও আমরা কাজ করছি। আমাদের প্রকল্প এ বছরই শেষ হবে। এরপর কীভাবে চলবে? বাইরের সহযোগিতা না থাকলেও যেন কাজ চলতে থাকে, এর জন্য ১০টি বিজনেস মডেল তৈরি করা হয়েছে।
বিশেষ করে, ছোট কারখানাগুলোর প্রতি বিজিএমইএ, এনজিও, সরকার—সবার একটু বেশি নজর দিতে হবে, যেন তারা কমপ্লায়েন্টের মধ্যে চলে আসতে পারে। আমাদের প্রকল্পগুলো নারী ইস্যুতে বেশি কাজ করে। এ জন্য আমরা নারী শ্রমিকের যৌন ও প্রজননস্বাস্থ্যসহ বিভিন্ন অধিকারের ক্ষেত্রে অনেক গুরুত্ব দিয়ে থাকি।

ফারহাদীবা রাহাত খান: কিছু কারখানা আছে, যারা কমপ্লায়েন্ট হওয়ার পরও ঠিকভাবে নিয়ম মানছে না। আমরা এমনও দেখেছি, মালিক চাইছে নারী শ্রমিকদের যৌন ও প্রজননস্বাস্থ্য যেন ঠিক থাকে।
অনেক কমপ্লায়েন্ট কারখানায় মধ্যস্তরের ব্যবস্থাপনার মানসিকতার জন্য নারী শ্রমিকেরা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। কয়েক হাজার পোশাক কারখানার মধ্যে কয়েকটি কারখানা হয়তো নারী শ্রমিকদের যৌন ও প্রজননস্বাস্থ্যের বিষয়টি দেখছে। আমার মনে হয়, মালিক-শ্রমিক সবাইকে যৌন ও প্রজননস্বাস্থ্যের ক্ষেত্রে ব্যাপকভাবে সচেতন করতে হবে। আবার শুধু সচেতন করলে হবে না। সচেতন করার পর যেন সেবা ঠিকমতো দেওয়া হয়, সেটিও নিশ্চিত করা প্রয়োজন।
কারখানার অভ্যন্তরে রয়েছে অনেক স্তর। সব স্তর থেকে সমানভাবে সমর্থন পাওয়া না গেলে কোনো ভালো উদ্যোগই বাস্তবায়ন সম্ভব না। আমরা নারী শ্রমিকদের কর্মক্ষেত্রে যৌন ও প্রজননস্বাস্থ্যসেবা প্রদানের জন্য ১০টি মডেল করেছি। এর মধ্যে স্বাস্থ্যবিমা আছে। এটা একটা ফলপ্রসূ মডেল। এর মধ্যে মালিক ও কর্মীদের অংশগ্রহণ রয়েছে। কিছু কারখানা এখন স্বাস্থ্যবিমা করছে। কিন্তু অনেকেই জানে না। মানুষকে সচেতন করা, জানানো একটি গুরুত্বপূর্ণ কাজ।
পোশাকশিল্পের নারী শ্রমিকদের সঙ্গে অন্য কোনো খাতের নারী শ্রমিকদের তুলনা করলে হবে না। কারণ, অনেক দীর্ঘ সময় তাঁদের কাজ করতে হয়। সকাল সাতটা থেকে অনেক রাত পর্যন্ত। এত দীর্ঘ সময় কাটানোর মতো কিছু বাড়তি সুযোগ-সুবিধা তঁাদের জন্য সৃষ্টি করা প্রয়োজন।

সামছুজ্জামান ভূইয়া: বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ও শ্রম বিধিমালা ২০১৫-এ আমাদের কাজের পরিধি বলা আছে। এর পরিপ্রেক্ষিতে কাজ করি। শ্রমিকদের স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করার জন্য চারটি অধ্যায় আছে। পঞ্চম অধ্যােয় শৌচাগার, বিশুদ্ধ পানিসহ বিভিন্ন বিষয় নিয়ে। সপ্তম অধ্যায়ে আছে স্বাস্থ্যব্যবস্থা, স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার বিশেষ বিধান। অষ্টম অধ্যায়ে আছে কল্যাণমূলক ব্যবস্থা। এর মধ্যে প্রাথমিক চিকিৎসা, ধৌতকরণ-সুবিধা, বিশ্রামকক্ষ, ডে–কেয়ার সেন্টারের ব্যবস্থা ইত্যাদি। চতুর্থ অধ্যায়ে প্রসূতি-সুবিধার কথা বিশেষভাবে বলা হয়েছে।
২০০৬ সালে প্রসূতিকালীন ছুটি ছিল ছয় সপ্তাহ। ২০১৩ সালে সংশোধনীর মাধ্যমে এটাকে ১৬ সপ্তাহ করা হয়েছে। সন্তান জন্মের আগে ও পরে প্রসব-সংক্রান্ত যেকোনো সমস্যায় মালিক সহযোগিতা করেন কি না, সেটা আমরা দেখে থাকি। আন্তর্জাতিক শ্রম সংস্থার সহায়তায় একটি চেক লিস্ট তৈরি করেছি। এই তালিকায় ১২৫টি প্রশ্ন আছে। এর মধ্যে স্বাস্থ্য নিয়ে প্রশ্ন আছে ১৩টি। নারী শ্রমিকেরা কোনো ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক কাজ করছেন কি না, সেটা আমরা দেখে থাকি। গর্ভবতী নারীদের ওঠানামার জন্য লিফট থাকতে হবে। পরিদর্শনের সময় আমরা এ বিষয়গুলো নিশ্চিত করতে চেষ্টা করি।
আমাদের পরিদর্শনের মধ্যে যৌন ও প্রজননস্বাস্থ্যের বিষয়ে আলাদাভাবে কিছু উল্লেখ নেই। তবে পরিদর্শনের সময় আমরা এটাও দেখে থাকি।

রুবিনা হোসেন: সবার আলোচনা শুনে মনে হয়েছে সচেতনতার বিকল্প নেই। গণমাধ্যমের উচিত বেশি করে ইতিবাচক খবর প্রচার করা। রানা প্লাজা, তাজরীনের মতো ঘটনা বা কোনো কোনো ক্ষেত্রে এর থেকেও বড় ঘটনা বিদেশে ঘটে। কিন্তু আমাদের দেশের মতো এত প্রচার পৃথিবীর কোনো দেশে হয় না। এতে দেশের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
পোশাকশিল্পের অনেক ইতিবাচক ঘটনা আছে, এগুলো নিয়ে গণমাধ্যমের অনেক বেশি প্রতিবেদন প্রকাশ করা উচিত। ব্যক্তিগত স্বাস্থ্যবিধির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু কারখানা না, ব্যক্তিগত স্বাস্থ্যসচেতনতার বিষয় প্রত্যেক নারীকে তাঁর ঘর থেকেই শুরু করা প্রয়োজন।
ঘরের নারীদের প্রতি কতটুকু দায়িত্বশীল, সেটা একটা বিষয়। যদি ঘরে নারীদের সম্মান করা না হয়, তাহলে বিভিন্ন কর্মক্ষেত্রে এর প্রতিফলন ঘটবে। কারণ, এই মানুষগুলোই বাইরে নেতৃত্ব দেন।
নারীদের নিজেদের এগিয়ে আসতে হবে। বাথরুমের সমস্যা, কাজের পরিবেশ বা নারী শ্রমিকদের যেকোনো সমস্যায় তাঁদের নিজেদেরও দায়িত্ব নিতে হবে। কয়েকজন মিলে জোরালোভাবে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে বলতে হবে। প্রয়োজনে নিজেদেরই বাথরুম পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিতে হবে। কেবল নারী নয়, পুরুষদেরও এসব বিষয়ে সচেতন হতে হবে। নারী-পুরুষ, কর্তৃপক্ষ—সবাই দায়িত্বশীল হলে যেকোনো সমস্যা সহজে সমাধান করা সম্ভব।

আবুল হোসেন: আইনে নারীদের অনেক অধিকার আছে। কিন্তু অধিকাংশ নারী জানেন না তাঁর অধিকারগুলো কী। আর আইনের ভাষাও অনেক জটিল। আমার একটা প্রস্তাব হলো, আইনে নারীর অধিকারের অংশটুকু একটা লিফলেটে ছাপিয়ে তাঁদের কাছে দেওয়া যেতে পারে। তাহলে তিনি জানতে পারবেন তাঁর কী কী অধিকার আছে। পরবর্তী সময়ে এটা নিয়ে তিনি কথা বলতে পারবেন। একটা নির্দিষ্ট জায়গা থাকা দরকার, যেখানে একজন নারী তাঁর অভিযোগ করতে পারেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেমন ১৬২৬৩ নম্বর, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ১০৯২১ নম্বর আছে। এখানে যে কেউ ফোন করে সহযোগিতা নিতে পারেন। পোশাকশিল্পে এমন কিছু থাকা প্রয়োজন। এখন নেদারল্যান্ডস সরকার সহযোগিতা করছে। তারা একটা সময় চলে যাবে। এ কাজের ভালো ফলগুলো কীভাবে পরবর্তী সময়ে কাজে লাগানো যায়, সেটা গুরুত্বের সঙ্গে ভাবা দরকার।
সরকার, বিজিএমইএ, কলকারখানা অধিদপ্তর—সবাই কারখানা পরিদর্শন করে। এ প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় দরকার। কে কী পরিদর্শন করবে, তার সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকা প্রয়োজন। তা না হলে হয়তো প্রতিটি সংস্থা একই বিষয় পরিদর্শন করছে। ফলে পরিপূর্ণ পরিদর্শন হয়তো হবে না। এত কিছুর পরও পোশাকশিল্প আগের থেকে অনেক এগিয়েছে।

মো. সিদ্দিকুর রহমান: ২ হাজার ২০০ পোশাক কারখানা পরিদর্শন করেছি। প্রায় সব কারখানা কমপ্লায়েন্ট। মাত্র ১৫০টিতে সমস্যা পেয়েছি। বিজিএমইএর সদস্যসংখ্যা ছয় হাজারের বেশি।
দেশে প্রায় চার হাজার কারখানা পোশাক উৎপাদন করছে। এর মধ্যে ১ হাজার ৫০০ কারখানা মধ্য ও ছোট পর্যায়ের। এ কারখানাগুলো সরকার, বিজিএমইএ, আন্তর্জাতিক শ্রম সংস্থা পরিদর্শন করেছে। এগুলোর মধ্যে শেষ পর্যন্ত ৫০০ থেকে ৭০০ টিকে থাকবে। কিছু পোশাক কারখানা আছে, যারা বিজিএমইএ ও বিকেএমইএরও সদস্য না।
আমরা দীর্ঘদিন ধরে শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছি, এগুলোর সংখ্যা নির্ণয় করা দরকার। কারণ, এখানে কোনো সমস্যা হলে সে দায় আমাদের ওপরই আসবে।
প্রায় সবাই জানেন, পোশাক খাত থেকে ৮২ শতাংশ বৈদেশিক মুদ্রা দেশে আসে। ব্যাংক, বিমাসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এ শিল্পকে ঘিরে গড়ে উঠেছে। কয়েক কোটি মানুষের জীবিকা এর মাধ্যমে হয়। এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন হয়েছে। এত কিছুর পরও আমাদের এ শিল্প নিয়ে গণমাধ্যমে অনেক সময় কিছু নেতিবাচক চিত্র তুলে ধরা হয়। সাফল্যের দিকগুলো সামনে আনা হলে সবাই উপকৃত হবে।
আমরা একবারও ভাবি না কোথায় ছিলাম, কোথায় এসেছি, কোথায় যাব। ৪৪ লাখ পরিবারের জীবিকার সংস্থান এখান থেকে হয়। দেশটা ঘুরে দাঁড়িয়েছে এ শিল্প দিয়ে। এর একটু সুনাম করলে কী হয়? সবাই প্রকৃত অবস্থা বুঝে আমাদের পাশে দাঁড়ালে ভবিষ্যতে এ শিল্প অনেক দূর যেতে পারবে।

শিরিন আখতার: সব সময় খুব শক্তভাবে শ্রমিকের পক্ষেই আমার অবস্থান। পোশাকশিল্প তো অবশ্যই, অন্যান্য পেশার শ্রমিকদের কথাও ভাবতে হবে।
যৌন ও প্রজননস্বাস্থ্যের ক্ষেত্রে মেয়েদের ঝুঁকি অনেক বেশি। বিষয়টি গুরুত্বের সঙ্গে সবাইকে অনুধাবন করতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানসিকতা। মানসিকতার পরিবর্তন না হলে এ সমস্যা আরও জটিল আকার ধারণ করবে।
উৎপাদনের মতো কঠিন প্রতিযোগিতায় নামতে হলে প্রথম কাজ হলো নারীকে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। এ জন্য সুচিন্তিত ও পরিকল্পিতভাবে নারীর স্বাস্থ্য ঠিক রাখার বিষয়ে উদ্যোগ নিতে হবে। এটি শুধু নেদারল্যান্ডস সরকার বা কোনো একটি প্রকল্পের কাজ নয়। এটি কেবল বাংলাদেশের সমস্যা নয়, সারা পৃথিবীর সমস্যা। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
একজন মেয়ের মাসিক হবে, এ জন্য তিনি কষ্ট বা ব্যথা অনুভব করছেন, তবু কাউকে লজ্জায় বলছেন না। আবার বললেও অনেকে এটাকে কোনো পাত্তাই দিচ্ছেন না। তঁারা এটাকে কোনো সমস্যাই মনে করেন না। অথচ আমার জানামতে, নেপালে এ জন্য নারীদের দুই দিনের ছুটি দেওয়া হয়।
নারীদের যৌন ও প্রজননস্বাস্থ্যের ক্ষেত্রে কোনো আইন করার প্রয়োজন আছে কি না, এটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার। প্রতিটি প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন করা অত্যন্ত জরুরি। তা না হলে কোনোভাবেই শ্রমিকের অধিকার নিশ্চিত হবে না।
মিকাইল শিপার: এনজিওগুলোকে অনুরোধ করব, পোশাকশিল্পে কাজ করার সময় আমাদের সঙ্গে রাখতে। তা না হলে বুঝতে পারি না কে কখন কাজ করছে, কী কাজ করছে। হয়তো একই কাজ বিভিন্ন প্রতিষ্ঠান করছে। কিন্তু কেউ কারও কাজের ধরন জানে না। তাই কেন্দ্রীয়ভাবে কোনো নিয়ন্ত্রণ না থাকলে একই কাজ সবাই করবে। এর ফলে সময়, শ্রম, অর্থ ব্যয় হবে কিন্তু কাজগুলো ফলপ্রসূ হবে না।
আমাদের যদি সঙ্গে না রাখেন, তাহলে যেসব এনজিও এ ক্ষেত্রে কাজ করেছে, তাদের সবাই মিলে একটা ফোরাম করা প্রয়োজন। তাহলে কাজের মধ্যে সমন্বয় থাকবে।
পোশাকশিল্পের শুরুর দিকের সময়গুলোতে নারীদের হয়রানির যেকোনো অভিযোগ অস্বীকার করার উপায় ছিল না। এখন অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। এখন প্রায় পাঁচ হাজার পোশাকশিল্প আছে। এর মধ্যে নিয়মের ভেতরে আছে প্রায় চার হাজার। অবশিষ্ট এক হাজারের বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব কী করতে হবে। একটা কথা সবার মনে রাখতে হবে, এই শিল্পে মালিক, শ্রমিক, ব্যবস্থাপনা—সবই প্রথম জেনারেশনের। তাঁদের কারও কোনো পূর্বঅভিজ্ঞতা নেই। গ্রাম থেকে খুবই সাধারণ নারীরা পোশাকশিল্পের কাজে আসছেন। তাঁদের ন্যূনতম কোনো প্রশিক্ষণ নেই।
পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে কোনো ধারণা নেই। তাঁরা যৌন ও প্রজননস্বাস্থ্য কী, এর কিছুই জানেন না। তাঁদের প্রতিনিয়ত বলতে হয়, শেখাতে হয়। তারপরও অনেক ক্ষেত্রে ঠিক হয় না। আবার মালিক, শ্রমিক সরকার পরস্পরের প্রতি আস্থার সংকট রয়েছে। আমরা সব বিষয়ে উদ্যোগ নিচ্ছি। ভবিষ্যতে পরিস্থিতির আরও উন্নতি হবে।
আব্দুল কাইয়ুম: একজন নারী শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকলে অনেক বেশি উৎপাদন করতে পারবেন। আগের থেকে পোশাকশিল্পের অনেক উন্নতি হয়েছে। তবে সব কারখানায় নারীদের সুযোগ-সুবিধাগুলো সমান নয়। প্রতিটি কারখানায় যেন নারীদের যৌন ও প্রজননস্বাস্থ্যসেবাসহ সব ধরনের সুযোগ-সুবিধা থাকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটি নিশ্চিত করবে বলে আশা করি। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
যাঁরা অংশ নিলেন
শিরিন আখতার : সাংসদ, বাংলাদেশ জাতীয় সংসদ
মিকাইল শিপার : সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
সামছুজ্জামান ভূইয়া : অ্যাডিশনাল ইন্সপেক্টর (অতিরিক্ত সচিব), কলকারখানা ও
প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর
আবুল হোসেন : উপসচিব, প্রজেক্ট ডিরেক্টর, মাল্টি–সেক্টরাল প্রকল্প অন ভায়োলেন্স
অ্যাগেইনস্ট উইমেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়
মো. সিদ্দিকুর রহমান : সভাপতি, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড
এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)
মাশফিকা জামান সাটিয়ার : সিনিয়র অ্যাডভাইজার, এসআরএইচআর অ্যান্ড জেন্ডার, এ্যামবেসি অফ দি কিংডম অফ দি নেদারল্যান্ডস
খালেদ আহমেদ : সিনিয়র এসআরএইচআর এক্সপার্ট
রুবিনা হোসেন : সহসভাপতি, বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনার্স
ফারহাদীবা রাহাত খান : টিম লিডার, ওয়ার্কিং উইথ উইমেন প্রজেক্ট
মহিম হাসান : প্রধান নির্বাহী কর্মকর্তা, তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড,
নর্দার্ন তসরিফা গ্রুপ
সৈয়দ এহতেশাম কবীর : এজিএম, কমপ্লায়েন্স, মোহাম্মাদি গ্রুপ
সৈয়দ ইশতিয়াক রেজা : পরিচালক, নিউজ, একাত্তর টিভি
খাদিজা আক্তার : সহসভাপতি, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
তাসলিমা বেগম : কর্মী, ইস্টার্ন গার্মেন্টস লি.
সঞ্চালক
আব্দুল কাইয়ুম : সহযোগী সম্পাদক, প্রথম আলো