ব্যবসায়ী প্রতিনিধিদলকে প্রধানমন্ত্রী
পোশাকশিল্পে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সম্প্রতি তৈরি পোশাক খাতে নৈরাজ্য সৃষ্টিতে যারা ইন্ধন জুগিয়েছে, তাদের শনাক্ত করা হবে। এ প্রসঙ্গে তিনি পোশাকশিল্প প্রতিষ্ঠানের মালিকদের উদ্দেশে বলেন, সরকার-ঘোষিত নতুন মজুরিকাঠামো বাস্তবায়ন করাও তাঁদের দায়িত্ব। খবর ইউএনবির।গতকাল সোমবার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদের নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।আইএইএর মহাপরিচালকের সাক্ষাৎ: বাসস জানায়, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বাংলাদেশকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্ট স্থাপনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। সফররত আইএইএর মহাপরিচালক ইউকিয়া আমানো গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন। দুই দিনের সফরে আমানো গতকাল ঢাকায় এসেছেন।পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: কূটনৈতিক প্রতিবেদক জানান, সফররত আইএইএর মহাপরিচালক গতকাল পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে বৈঠক শেষে ইউকিয়া আমানো সাংবাদিকদের বলেন, আইএইএর সদস্যদেশ হিসেবে পারমাণবিক শক্তির ব্যবহার ও জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।