পোশাকশিল্পে নৈরাজ্যের জন্য সরকারের ভ্রান্তনীতি দায়ী: মির্জা ফখরুল
তৈরি পোশাকশিল্পে বর্তমান নৈরাজ্যের জন্য সরকারের ভ্রান্তনীতি দায়ী বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার যথাযথ পদক্ষেপ নিতে সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।গতকাল শুক্রবার বিকেলে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন। পোশাকশ্রমিকদের মজুরিকাঠামো ঘোষণার পর এই শিল্পের সাম্প্রতিক অবস্থায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সরকার পরিস্থিতি অনুধাবনে ব্যর্থ হয়েছে। তাদের ভ্রান্তনীতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। সরকারের ব্যর্থতার কারণেই এমন ঘটনা ঘটছে।সমস্যা সমাধানে সরকারের করণীয় কী, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, মালিক, শ্রমিক ও সরকারের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতার মাধ্যমে এই শিল্প নৈরাজ্যকর অবস্থা থেকে মুক্তি পেতে পারে। কিন্তু সরকার তা করতে পারেনি।সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে মির্জা ফখরুল সদ্য কারামুক্ত সাংসদ ও বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরীকে নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। গত ২৭ জুন বিএনপির ডাকা হরতাল চলাকালে শহীদ উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছিল।