পোশাকশিল্পে পদক্ষেপ বাস্তবায়নে মন্থরগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ভয়াবহ রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে কর্মপরিবেশ উন্নয়নের কাজ মন্থরগতিতে হলেও এগোচ্ছে বলে মন্তব্য করেছে প্রভাবশালীওয়াশিংটন পোস্ট পত্রিকা। তবে পত্রিকাটি বলেছে, আগামী নির্বাচন নিয়ে চলমান বিবাদ এই অগ্রগতিকে আরও মন্থর করে দিতে পারে।
গতকাল বুধবার পত্রিকাটিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ওই দুর্ঘটনায় এক হাজার ১০০-এর বেশি পোশাককর্মী নিহত হওয়ার পর আন্তর্জাতিক সম্প্রদায় ডিএনএ পরীক্ষার উপকরণ সরবরাহ করে। ঢাকাভিত্তিক সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জমের বক্তব্য উদ্ধৃত করে এতে বলা হয়, উপকরণগুলো মার্কিন সরকারের সৌজন্যে এসেছে। এর ফলে শেষ পর্যন্ত হলেও মরদেহগুলো অন্তত নিজেদের পরিচিতি পেয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো ক্ষতিপূরণ পাওয়ার অপেক্ষায় রয়েছে। পোশাক কারখানাগুলোতে প্রতিশ্রুত পরিদর্শনকাজও এখনো বাকি। পোশাক কারখানার নিরাপত্তা-সংক্রান্ত নতুন নিয়মনীতির বিস্তারিত বিষয়ে সরকার এখনো সম্মত হয়নি।
রানা প্লাজা ধস ও আরেকটি পোশাক কারখানায় (তাজরীন ফ্যাশনস) অগ্নিকাণ্ডের পর আন্তর্জাতিক সমালোচনার মুখে গত কয়েক মাসে দেশের ভেতরে ও বাইরে অনেক পদক্ষেপই নেওয়া হয়েছে। পোশাক কারখানা পরিদর্শন এবং সংস্কার নিশ্চিত করা নিয়ে আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে চুক্তি সই হয়েছে। তবে পদক্ষেপগুলোর বাস্তবায়নের গতি মন্থর।
জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন সামনে রেখে কয়েক দফা হরতাল-অবরোধ ও ব্যাপক সহিংসতা কারও কারও মধ্যে এই আশঙ্কার সৃষ্টি করেছে, পোশাকশিল্পের ওপর সরকার যখন নিয়ন্ত্রণ জোরদার করতে চলেছে, তখন পুরো রাজনৈতিক ব্যবস্থাই অচল হয়ে পড়তে পারে।