পোশাকশিল্পে বিশৃঙ্খলার জন্য ভারতকে দায়ী করল বিএনপি
আশুলিয়ায় পোশাকশিল্পে বিশৃঙ্খলার জন্য প্রতিবেশী দেশ ভারত দায়ী বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবুদল মঈন খান।গতকাল বুধবার রাজধানীতে এক মানববন্ধন কর্মসূচিতে মঈন খান এ অভিযোগ করেন। তিনি বলেন, বাংলাদেশের পোশাকশিল্প ধ্বংসের জন্য প্রতিবেশী দেশ ভারত ষড়যন্ত্র করছে। আশুলিয়ার ঘটনা পরিকল্পিতভাবে ওই দেশের এজেন্টরা ঘটিয়েছে।আশুলিয়ায় বিক্ষোভ, বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনায় পোশাকশ্রমিক বা মালিকেরা জড়িত নন বলেও দাবি করেন বিএনপির এই নেতা।জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।মঈন খান বলেন, পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। এই দিক দিয়ে চীনের পরেই বাংলাদেশের অবস্থান। এ জন্য প্রতিবেশী দেশটি ঈর্ষান্বিত। তাই তারা পরিকল্পিতভাবে এই ক্ষুদ্র দেশটির অগ্রগতির সোপান থামিয়ে দিতে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী তৈরি পোশাকশিল্প খাতে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে। ভারতের ‘এজেন্টদের’ কঠোর শাস্তি দাবি করেন তিনি।‘নির্বাচনটা করবে কে’: দলীয় সরকারের অধীন নির্বাচনটা করবে কে—স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের উদ্দেশে এই প্রশ্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গতকাল ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সৈয়দ আশরাফ বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে বলেন, ‘আগামী নির্বাচনে আসেন, নইলে আদালতে যান—এই দুটি নিয়মতান্ত্রিক পথ আছে। এ ছাড়া আর কোনো উপায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের সুযোগ নেই।’বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলের এক সংবাদ ব্রিফিংয়ে সৈয়দ আশরাফের এই বক্তব্যের বিষয়ে সাংবাদিকেরা প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম উপরোক্ত প্রশ্ন করেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘নির্বাচনটা করবে কে? আমরা তো নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনেই যাচ্ছি না। জনগণের প্রতি শ্রদ্ধা থাকলে আওয়ামী লীগকেই সংবিধানে সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পাস করতে হবে, এটা তাদের দায়িত্ব। নইলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করে নির্বাচন অনুষ্ঠানের জন্য জনগণই সরকারকে বাধ্য করবে।’বাসচালক বদর হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবীব-উন-নবী খান, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম, ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল মতিনকে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। মামলাটি ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে তা প্রত্যাহার এবং তাঁদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।পোশাকশিল্পে সংকট নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘একটি সরকার কেন রেফারির ভূমিকা নেবে? সরকারকে তো সমস্যা সমাধানের উদ্যোগ নিয়ে অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে। এটা না করে তারা বাঁশি বাজাচ্ছে।’