পোশাকশিল্পে বিশৃঙ্খলায় উসকানি দিচ্ছে প্রভাবশালী একটি দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম পোশাকশিল্পে সাম্প্রতিক বিশৃঙ্খলা সম্পর্কে বলেছেন, প্রভাবশালী একটি দেশ তৈরি পোশাকশিল্পে দালাল সৃষ্টি করেছে। তারা শ্রমিক নয়, শ্রমিকের নেতাও নয়। দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভাঙতে দালালদের দিয়ে উসকানি দেওয়া হচ্ছে। গতকাল বুধবার মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এসব কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, নানা ঘটনা ঘটিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে। সবই একসূত্রে গাঁথা। তৈরি পোশাকশিল্পে বিশৃঙ্খলার সঙ্গে সাধারণ শ্রমিকেরা যুক্ত নন। নির্বাচনে বিজয়ী হয়ে তত্ত্বাবধায়ক পুনর্বহাল করুন: সৈয়দ আশরাফ বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশে বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করতে হলে আগামী নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে সংবিধান সংশোধন করতে হবে। অথবা উচ্চ আদালতে রায় পর্যালোচনার আবেদন করতে হবে। ভাঙচুর আর হত্যা করে তত্ত্বাবধায়কের দাবি আদায় করা যাবে না। তিনি বলেন, অনেক জ্ঞানী-গুণী তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন। তাঁরা বিজ্ঞজন। আদালত এ ব্যবস্থাকে অবৈধ বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার চাইলে তাঁদের আদালতে যেতে হবে; বলতে হবে, এ রায় অবৈধ।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১০ জুনের পর বিরোধীদলীয় নেত্রী সরকার পতনের আন্দোলন করার কথা বলেছিলেন। এখন আন্দোলন মুলতবি করে তিনি সৌদি আরবে গেছেন। রোহিঙ্গা সমস্যায় জামায়াত জড়িত: রোহিঙ্গা সমস্যা নিয়ে সৈয়দ আশরাফ বলেন, একজন নারীর ধর্ষণ নিয়ে এ অবস্থা সৃষ্টি হয়েছে। সময়মতো ব্যবস্থা নেওয়া হলে এমন হতো না। মিয়ানমারের সাংসদেরা বলেছেন, এ ঘটনার জন্য জামায়াত দায়ী। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী একটি মাল্টিন্যাশনাল (বহুজাতিক) কোম্পানি। পৃথিবীর বিভিন্ন দেশে এর শাখা-প্রশাখা আছে। নির্বাচন কমিশনের নির্দেশে তারা বাংলাদেশ জামায়াতে ইসলামী নামকরণ করেছে। কিন্তু তাদের কর্মকাণ্ডের পরিবর্তন হয়নি। রোহিঙ্গা নিয়ে জামায়াত নাজুক অবস্থা সৃষ্টি করেছে।’ সৈয়দ আশরাফ দাবি করেন, রোহিঙ্গাদের যেসব ছবি প্রকাশ করা হচ্ছে তা সত্য নয়। এগুলো বানানো। সরকার খোঁজ নিয়ে এ রকম কোনো ঘটনা দেখতে পায়নি। ছবি প্রকাশ করতে চাইলে পরীক্ষা-নিরীক্ষা করে দেখার জন্য সংবাদমাধ্যমকে তিনি অনুরোধ করেন। এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোস্তফা জালাল মহিউদ্দিন, কামাল আহমেদ মজুমদার, বজলুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন মোফাজ্জল হোসেন চৌধুরী।