পোশাকশিল্পে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঙ্গিত না দিয়ে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির সঙ্গে যুক্ত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। শ্রমিক দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান মে দিবস উপলক্ষে গতকাল রোববার মহানগর নাট্যমঞ্চে সংগঠনটি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খোন্দকার দেলোয়ার বলেন, ‘গার্মেন্টস শিল্পের সাম্প্রতিক অস্থিরতার পেছনে তৃতীয় পক্ষের উসকানি রয়েছে—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের সঙ্গে আমিও একমত। আমরাও বিশ্বাস করি আমাদের গার্মেন্টস শিল্প ধ্বংস করতে ষড়যন্ত্র করা হচ্ছে। এ শিল্প ধ্বংস করে দিলে যাদের লাভ হয়, তারাই এর পেছনে উসকানি দিচ্ছে। তবে ইঙ্গিত না দিয়ে সরকারের উচিত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ।