পোশাকশিল্পে সরকারের নজরদারি বাড়ানোরতাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশিল্পে বর্তমান সমস্যা বজায় থাকলে ভবিষ্যতে রানা প্লাজা ধসের মতো আরও ঘটনা ঘটতে পারে। তাই এমন ঘটনার আগেই সরকারকে নজরদারি বাড়াতে হবে এবং বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে।

গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক—সুজন আয়োজিত ‘পোশাকশিল্পের সমস্যা ও প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এসব কথা বলেন। আলোচকেরা মালিক, শ্রমিক ও বিদেশি ক্রেতাদের সমন্বয়ে একটি কমপ্লায়েন্স কমিশন গঠন এবং শ্রমিকদের বিমার আওতায় আনার কথাও বলেন।

গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের মৃত্যুতে এ বৈঠকের অয়োজন করে সুজন। এতে ‘পোশাকশিল্পের সমস্যা ও প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক লিখিত বক্তব্য পড়ে শোনান মন্ত্রিপরিষদের সাবেক সচিব আলী ইমাম মজুমদার। বৈঠক পরিচালনা করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।  

বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান বলেন, কারখানা ভবনের মজবুত ও টেকসই নকশা তৈরিতে পরিকল্পনা নেই বললেই চলে। এ ক্ষেত্রে রানা প্লাজা ধস ও ক্ষতির বিষয়টি শিক্ষা হিসেবে কাজে লাগাতে হবে।

সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, রাজনৈতিকভাবে রানাদের উত্থান এবং এদের লালন-পালনের কারণেই পোশাক শিল্পে দুর্ঘটনা ঘটে চলেছে।

বৈঠকে আলোচকেরা পোশাকশিল্পে শ্রমিকের উপযুক্ত মজুরি, নিরাপত্তাসহ কাজের উন্নত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। শিল্পমালিকদের অতিমুনাফার মনোভাব বাদ দিয়ে দেশের স্বার্থে শ্রমিকবান্ধব পোশাকশিল্প খাত গড়ে তুলতে মালিকদের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।

আলোচনায় অংশ নেন সুজনের নির্বাহী সদস্য হামিদা হোসেন, অধ্যাপক অজয় রায়, অধ্যাপক তোফায়েল আহমেদ, সাবেক সাংসদ আব্দুল মান্নান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, এডাবের চেয়ারপারসন রোকেয়া কবীর, পোশাকশিল্পের শ্রমিকনেত্রী নাজমা আক্তার প্রমুখ।