পোশাকশিল্পের অগ্রগতিতে আরও পদক্ষেপ চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উপমহাপরিচালক গিলবার্ট ফসুন হাংবো বলেছেন, রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পোশাকশিল্পে কর্মপরিবেশের উন্নয়নে অনেক অগ্রগতি হয়েছে। তবে সামগ্রিক অগ্রগতিতে আরও পদক্ষেপ নিতে হবে।
গিলবার্ট ফসুন হাংবো গতকাল মঙ্গলবার তৈরি পোশাকশিল্পের ট্রেড ইউনিয়ন নেতাদের কর্মশালার উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য দেন। রানা প্লাজা ধসের পর তৈরি পোশাকশিল্পে নতুন নিবন্ধিত ১৪০টি ট্রেড ইউনিয়নের নেতাদের সংগঠিত হওয়ার ধারণা দিতে রাজধানীর একটি হোটেলে এ কর্মশালার আয়োজন করা হয়।
ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশন (এনসিসিডব্লিউই), ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি), বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার। স্বাগত বক্তব্য দেন আইএলওর এদেশীয় পরিচালক শ্রীনিবাসা রেড্ডি।
গিলবার্ট ফসুন হাংবো বলেন, রানা প্লাজা ধস থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। রানা প্লাজা একটি চ্যালেঞ্জ সামনে এনে দিয়েছে। সম্মিলিতভাবে সে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
প্রধান অতিথির বক্তৃতায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, পোশাকশিল্পের মালিকেরা ট্রেড ইউনিয়নকে শিল্পের জন্য ক্ষতিকর মনে করেন। তিনি পারস্পরিক আস্থা এবং বিশ্বাসের অভাব দূর করে শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য মালিকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ট্রেড ইউনিয়ন নেতারা যেন নিয়ম মেনে উৎপাদনের স্বার্থে কাজ করেন, তার ওপর গুরুত্ব দেন। কর্মশালায় মালিকপক্ষের প্রতিনিধিত্ব থাকা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
এনসিসিডব্লিউইর চেয়ারপারসন জাফরুল হাসান বলেন, গত ৩৮ বছরে মাত্র ১৩০টি ট্রেড ইউনিয়ন নিবন্ধন হয়। কিন্তু রানা প্লাজা ধসের পর মাত্র নয় মাসে ১৪০টি ট্রেড ইউনিয়নকে নিবন্ধন দেওয়া হয়েছে।
ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব রায় রমেশ চন্দ্র বলেন, মালিকেরা যেন ট্রেড ইউনিয়নকে প্রতিবন্ধক মনে না করেন সে বিষয়ে ইউনিয়ন নেতাদের সতর্ক থাকতে হবে।