পোশাকশিল্পের অস্থিরতায় উদ্বিগ্ন ইউরোপীয় ইউনিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পোশাকশিল্পের বর্তমান অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকায় ইইউ রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোইনের নেতৃত্বে তিন ইউরোপীয় রাষ্ট্রদূত গতকাল সোমবার শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে তাঁর সচিবালয়ের দপ্তরে বৈঠকের সময় এ উদ্বেগের কথা জানান। সম্প্রতি দেশের কয়েকটি স্থানে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে ইইউ রাষ্ট্রদূত ফ্রোইন, ফ্রান্সের রাষ্ট্রদূত শার্লে কাসুরেট ও নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আলফন্স হ্যানিকেন্স শ্রমমন্ত্রীর সঙ্গে দেখা করেন। দেড় ঘণ্টার বৈঠক শেষে ফ্রোইন প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের পোশাকশিল্পের ব্যাপারে ইউরোপীয় ক্রেতাদের উদ্বেগের বিষয়টি মন্ত্রীকে জানিয়েছি। এই শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি, তাঁদের অধিকার এবং কারখানাগুলো যথাযথ পদ্ধতি অনুসরণ করে ব্যবসা পরিচালনা করছে কি না, সে বিষয়ে আমাদের অবস্থান তুলে ধরেছি। ইউরোপ বাংলাদেশের পোশাকের বড় বাজার। সেখানে এই শিল্পের পরিস্থিতি নিয়ে ক্রেতাদের উদ্বেগ আশা করি দূর হবে।’শ্রমমন্ত্রী সাংবাদিকদের জানান, ইউরোপীয় তিন শীর্ষ কূটনীতিক পোশাকশিল্পের পরিস্থিতি নিয়ে জানতে চেয়েছেন। সাম্প্রতিক সময়ের কিছু সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে ইউরোপের ক্রেতাদের উদ্বেগের বিষয়টি নিয়ে কূটনীতিকেরা আলোচনা করেন। শ্রমিকেরা বৈষম্যের শিকার হচ্ছেন কি না, সে ব্যাপারে তাঁরা বিস্তারিত জানতে চান। কারণ ইইউ দেশগুলো সামাজিক দায়বদ্ধতার ব্যাপারে যথেষ্ট সজাগ। ক্রেতারা পণ্যটি যে দেশ থেকে কেনেন, সেখানে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে উৎপাদন হয় কি না, তা যাচাই করে দেখা হয়। খন্দকার মোশাররফ বলেন, ‘সরকার পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করার জন্য একটি কমিশন গঠন করেছে। একজন বিচারপতির নেতৃত্বে গঠিত ওই কমিশন ২৮ জুলাইয়ের মধ্যে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেবে। আশা করি, এরপর আমরা খুব দ্রুতই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করতে পারব। এ ছাড়া কারখানার আইনশৃঙ্খলার বিষয়েও সরকার সচেষ্ট রয়েছে। এ বিষয়গুলো কূটনীতিকদের জানিয়েছি। আমার সঙ্গে আলাপের পর তাঁরা সন্তুষ্ট হয়েছেন।’ শ্রমিকের অধিকারের ব্যাপারে ইইউর উদ্বেগের ব্যাপারে জানতে চাইলে মন্ত্রী বলেন, দেশে সাড়ে তিন হাজারের মতো পোশাকশিল্পে প্রায় ৪০ লাখ কর্মী কাজ করছেন। বিচ্ছিন্নভাবে কখনো কোথাও অস্থিরতা দেখা দিলেও সামগ্রিক পরিস্থিতি ভালো। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন খন্দকার মোশাররফ হোসেন। বিশ্বমন্দা কেটে যাওয়ায় জনশক্তি রপ্তানি চাঙা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘যতটা প্রত্যাশা করেছিলাম, জনশক্তি রপ্তানি সেভাবে বাড়েনি। ধরা যাক ইরাকের কথা। আমাদের ধারণা ছিল, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে পুনর্গঠনকাজে আমাদের ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। কিন্তু তা হয়নি। তা ছাড়া মন্দা কেটে গেলেও তার রেশ কাটতে সময় লাগছে।’