পোশাকশিল্পের কর্মপরিবেশ সঠিক পথে এগোচ্ছে: স্পিকার
দেশের তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশ ও শ্রমিক নিরাপত্তা নিশ্চিতে সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের এ কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুরে জ্যঁ ল্যাম্বার্টের নেতৃত্বে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাত্ করে।
ওই সময় স্পিকার ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের জানান, পোশাকশিল্পে শ্রমিকদের কর্মপরিবেশের উন্নয়ন ও তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সার্বিক পদক্ষেপ গ্রহণ করেছে। এ লক্ষ্যে ইতিমধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদিত হয়েছে। তিনি জানান, শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকল্পে শ্রম আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে।
সাক্ষাতে স্পিকার ইউরোপীয় প্রতিনিধিদলকে দশম জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, বিরোধী দল জনস্বার্থ ও জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় সংসদে তুলে ধরছে।
প্রতিনিধিদলে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হানাও উপস্থিত ছিলেন।