পোশাকশিল্পের কাঁচামালের চালানে শূকরের মাংস!
ঢাকা ইপিজেডের একটি বিদেশি পোশাকশিল্প প্রতিষ্ঠানের আমদানি করা কাঁচামালের চালানে আমদানিনিষিদ্ধ শূকরের মাংস পাওয়া গেছে। এ ছাড়া একটি পণ্য আমদানির ঘোষণা দিলেও শূকরের মাংসসহ ২১টি পণ্য পাওয়া গেছে ওই চালানে। এ তালিকায় আছে মাশরুম, প্রক্রিয়াজাত গরুর মাংস, ইঁদুর মারার গাম, টিস্যু পেপার ইত্যাদি।চট্টগ্রাম বন্দরের কনটেইনার খুলে পরীক্ষা শেষে কাস্টম হাউসের তৈরি করা এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। কাস্টম হাউসের (রপ্তানি) কমিশনার মো. জামাল হোসেনের নির্দেশে গত বুধবার এই পণ্য চালানের পরীক্ষা-নিরীক্ষা করেন রপ্তানি গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। এ ছাড়া আরেকটি প্রতিষ্ঠান মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি করে প্রায় ২৫ লাখ টাকার শুল্ক ফাঁকির চেষ্টা করেছে বলে কাস্টমস কর্মকর্তারা জানান।কাস্টম হাউসের কমিশনার (রপ্তানি) মো. জামাল হোসেন গতকাল রোববার প্রথম আলোকে বলেন, দুটি চালানে আনুমানিক ৩০ লাখ টাকার শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়েছে। এ ব্যাপারে দুই আমদানিকারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আমদানি নীতি-আদেশ ২০০৯-১২ নিষিদ্ধ পণ্যের তালিকা অনুযায়ী, জীবিত শূকর এবং শূকরজাত সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ। কাস্টম হাউস সূত্রে জানা গেছে, ‘পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার’ ঘোষণা দিয়ে কোরিয়া থেকে এক কনটেইনার পণ্য আমদানি করে ঢাকা ইপিজেডের পোশাকশিল্প প্রতিষ্ঠান নিউ স্টার হাইলন কো. লিমিটেড। ১৬ আগস্ট শুল্কায়নের জন্য আমদানি পণ্যের কাগজপত্র দাখিল করা হয় কাস্টম হাউসে। ঘোষণা অনুযায়ী বন্ডের আওতায় এই চালানের শুল্কায়ন করা হয়। চালানটি খালাসের সময় স্ক্যানিং মেশিনে সন্দেহজনক রিপোর্ট দেখে খালাস স্থগিত করা হয়। পরে কনটেইনার খুলে ঘোষণা ছাড়াই ২১টি পণ্য আমদানির খোঁজ পাওয়া যায়।এ ব্যাপারে জানতে আমদানিকারকের পক্ষে পণ্য খালাসে নিয়োজিত সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান নভো কার্গো সার্ভিসেস লিমিটেডের পরিচালক সিরাজুল হকের মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।গাজীপুরের আরেকটি পোশাকশিল্প প্রতিষ্ঠান বন্ডের আওতায় টিস্যু পেপার ঘোষণায় মেনিফোল্ড পেপার আমদানি করে। এতে প্রায় সাড়ে ২১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছে। গত বৃহস্পতিবার সরেজমিন পরীক্ষা-নিরীক্ষা শেষে এক প্রতিবেদনে এ কথা বলা হয়।এ দুটি চালান পরীক্ষা করেন কাস্টম হাউসের উপকমিশনার মো. ফজলুল হক, কাস্টম হাউসের রপ্তানি বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. জুলফিকার আলী, সহকারী রাজস্ব কর্মকর্তা আবুল হাসেম ও মো. আবু তাহের।