বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের একটি সংসদীয় দল (অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ) বলেছে, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের উন্নতির জন্য একটি দীর্ঘমেয়াদি ও সুষ্ঠু পরিকল্পনা দরকার।
ঢাকা সফরকালে পোশাক কারখানার মালিক, শ্রমিক ও সরকারের সঙ্গে কথা বলার পর গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যরা এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তাঁরা বলেন, এ শিল্পের উন্নয়নে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে শক্ত রাজনৈতিক একটি প্রতিশ্রুতি জরুরি হয়ে পড়েছে।
সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের এমপিরা বলেন, রানা প্লাজা ও তাজরীনের ঘটনায় তাঁরা গভীরভাবে মর্মাহত। ধ্বংস্তূপের নিচে বাংলাদেশের শ্রমজীবী মানুষের চাপা পড়ার দৃশ্যটি ছিল ভয়ংকর। তাঁরা বলেন, যুক্তরাজ্যের ক্রেতারা বাংলাদেশ থেকে উন্নত মানের পোশাক কেনেন। তাই ক্রেতাদের কাছে বাংলাদেশের শ্রমিকদের স্বার্থ খুবই গুরুত্বপূর্ণ।
সংসদীয় দলের প্রধান অ্যান মের বলেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের জন্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। সামনে নির্বাচন, তাই বাংলাদেশের জন্য বর্তমান সময় স্পর্শকাতর উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচন বা তার পরের নির্বাচনে যে-ই জিতুক, বাংলাদেশের জন্য একটি দীর্ঘমেয়াদি কৌশল ও কর্মপন্থা থাকা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, বাংলাদেশের পোশাকশিল্পের ভবিষ্যৎ কী হবে, তা একটি বড় প্রশ্ন। রানা প্লাজা ধসের পর এ প্রশ্ন আরও বড় হয়ে দেখা দিয়েছে। সংসদীয় দলের সদস্য এমপি সাইমন ড্যান বলেন, ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের জন্য আলোচনা চলছে জানতে পেরে তাঁরা আনন্দিত। তাঁরা আশা করেন, এটি সব পক্ষের কাছে সমানভাবে গ্রহণযোগ্য হবে। বিবিসি বাংলা।