পোশাকশিল্পের নিরাপত্তায় মার্কিন ক্রেতাদের উদ্যোগ নিয়ে প্রশ্ন
বাংলাদেশের পোশাকশিল্পের নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনা প্রণয়ন করতে যাচ্ছে ওয়াল-মার্ট ও গ্যাপের মতো মার্কিন ক্রেতারা। মার্কিন সিনেটের সাবেক দুই সদস্যের সহায়তায় আগামী মাসের শুরুতে এ পরিকল্পনা ঘোষণা করা হবে। তবে যুক্তরাষ্ট্রের শ্রমিক অধিকার সংগঠনগুলো ক্রেতাদের এ উদ্যোগকে ‘জনগণের কাছে চমক দেওয়ার প্রয়াস’ হিসেবে অভিহিত করছে। তাদের মতে, শ্রমমান সুরক্ষায় ইউরোপের প্রধান ক্রেতাদের সই করা আন্তর্জাতিক চুক্তিটি এড়িয়ে চলতে ওয়াল-মার্ট ও গ্যাপের মতো প্রতিষ্ঠানগুলো এ উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক ওই চুক্তিটিতে বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে নিরপেক্ষ পরিদর্শকের মাধ্যমে শ্রমমান পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ট্রেড ইউনিয়নকে ক্ষমতা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি গতকাল শনিবার জানিয়েছে, উত্তর আয়ারল্যান্ডের শান্তিচুক্তির সঙ্গে যুক্ত সাবেক মার্কিন সিনেটর জর্জ মিচেল ও অলিম্পিয়া স্নোয়ি মার্কিন ক্রেতাদের প্রস্তাবিত নিরাপত্তা পরিকল্পনার সঙ্গে যুক্ত হয়েছেন। ওয়াল-মার্টের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের যেসব কারখানা থেকে তারা পোশাক কিনে সেখানকার শ্রমমান-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। আর গ্যাপের বৈশ্বিক করপোরেট অ্যাফেয়ার্স-বিষয়ক সহসভাপতি বিল চ্যান্ডলার জানিয়েছেন, বাংলাদেশের পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে গত বছর তাঁরা ২২ মিলিয়ন ডলার বরাদ্দ করেছেন।