পোশাকশিল্পে সংঘর্ষ ও শ্রমিকনেতা আমিনুল হত্যার ঘটনায় ইইউভুক্ত দেশের ক্রেতারা উদ্বেগ জানিয়েছেন। ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম আনা গতকাল বৃহস্পতিবার দুপুরে রূপসী বাংলা হোটেলে সাংবাদিকদের এ তথ্য জানান।ইইউ ও ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত অনুষ্ঠানের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। উইলিয়াম আনা বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের রপ্তানি বাড়ছে। ভবিষ্যতেও এ ধরনের প্রবণতার আভাস থাকায় তিনি বাংলাদেশের প্রশংসা করেন। এ দেশে উৎপাদিত পণ্যের মানেরও প্রশংসা করেন তিনি। উইলিয়াম আনা বলেন, ‘ক্রেতাদের কেউ কেউ পোশাক কারখানাগুলোর পরিস্থিতি নিয়ে তাঁদের উদ্বেগ আমাকে জানিয়েছেন। বাংলাদেশের অর্থনীতির স্বার্থে পোশাকশিল্প একটি গুরুত্বপূর্ণ খাত। সহিংসতার পথ ছেড়ে সংকট উত্তরণের লক্ষ্যে এ শিল্পের সঙ্গে জড়িত সবাইকে নিয়ে আলোচনার ক্ষেত্র তৈরি করা উচিত।’পদ্মা সেতু: পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিলের পর পরিস্থিতি কীভাবে মূল্যায়ন করেন জানতে চাইলে আনা বলেন, ‘এ ঘটনা খুব দুর্ভাগ্যজনক। বাংলাদেশের মানুষের জন্য সেতুটির গুরুত্ব অপরিসীম। পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিলকেই তিনি দুর্ভাগ্যজনক বলছেন কি না, জানতে চাইলে রাষ্ট্রদূত স্পষ্ট করে কিছু বলেননি। তবে তিনি আভাস দিয়েছেন, এ প্রকল্প নিয়ে যা কিছু ঘটেছে, এতে স্বস্তির কিছু নেই।এর আগে ডিকাবের সদস্যদের সঙ্গে লিসবন চুক্তির পর বাংলাদেশ-ইইউ সম্পর্ক নিয়ে মতবিনিময় করেন উইলিয়াম আনা। প্রায় ৩০ মিনিটের উপস্থাপনায় জানান, অভিন্ন অবস্থানে থেকে নিজেদের অবস্থান জোরালো করতে ২০০৯ সালের ডিসেম্বরে লিসবন চুক্তি সই হয়। বাংলাদেশ ও বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার, বাণিজ্য ও বৈশ্বিক বিষয়গুলো নিয়ে কাজ করে ইইউ। ডিকাবের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বশীর আহমেদ। গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে উদ্বেগ: বিএনপির নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার পরিপ্রেক্ষিতে মানবাধিকার পরিস্থিতিকে কীভাবে দেখছেন জানতে চাইলে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালকের নিখোঁজ হওয়ার ব্যাপারে আমরা ইতিমধ্যেই উদ্বেগ জানিয়েছি। এ বিষয়টি সুরাহার জন্য আমরা স্বাধীন তদন্তের দাবি জানিয়েছি। এ ধরনের অন্য ঘটনাতেও আমাদের একই অবস্থান থাকবে।’