পোশাকশিল্পের বন্ড কার্যক্রমে কমিটি গঠনের আহ্বান
পোশাকশিল্প-সংশ্লিষ্ট বন্ড (রপ্তানিমুখী পোশাকশিল্পের কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা) কার্যক্রম দ্রুত সম্পাদন করতে বিজিএমইএ ও কাস্টমস বন্ড কমিশনারেটের সমন্বয়ে যৌথ তদারক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন বিজিএমইএর নেতারা। গতকাল বুধবার কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামের নবনিযুক্ত কমিশনার মো. শফিকুল ইসলামের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
নগরের বন্ড কমিশনারেটের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বন্ড কমিশনারেটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজিএমইএর নেতারা উপস্থিত ছিলেন।
বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে বিজিএমইএ কাজ করছে। এ লক্ষ্যে পৌঁছাতে বন্ড কমিশনারেটসহ সবার সহযোগিতা প্রয়োজন। কিন্তু গ্যাস, বিদ্যুৎ-সংকটসহ অবকাঠামোগত সমস্যার কারণে চট্টগ্রামে পোশাকশিল্প সমস্যায় আছে। এ কারণে বন্ড কার্যক্রম সহজীকরণের মাধ্যমে বন্ড কমিশনারেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কমপ্লায়েন্স বা কারখানায় কর্মসহায়ক পরিবেশের জন্য কারখানা স্থানান্তরে দ্রুত অনুমোদন, বার্ষিক নিরীক্ষা কার্যক্রম সহজীকরণ ও পোশাকশিল্পের বন্ড-সংশ্লিষ্ট কার্যক্রম দ্রুত সম্পাদনে বিজিএমইএ ও বন্ড কমিশনারেটের সমন্বয়ে একটি যৌথ তদারক কমিটি গঠনের আহ্বান জানান তিনি।
কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, পোশাকশিল্পকে এগিয়ে নিতে বন্ড-সংশ্লিষ্ট কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পাদন করা হচ্ছে। পোশাকশিল্পের কার্যক্রম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে। বন্ড-সংশ্লিষ্ট কার্যক্রম সহজীকরণে যৌথ কমিটি গঠনে তিনি ঐকমত্য পোষণ করেন।
সভায় বক্তব্য দেন কাস্টমস বন্ড কমিশনারেটের যুগ্ম কমিশনার মো. ফজলুল হক, বিজিএমইএর পরিচালক অঞ্জন শেখর দাশ এবং এম মহিউদ্দিন চৌধুরী, সাবেক প্রথম সহসভাপতি এরশাদ উল্লাহ, এস এম আবু তৈয়ব, মইনুদ্দিন আহমেদ ও নাসিরউদ্দিন চৌধুরী।