পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি কাঠামো গঠনের সুপারিশ
বর্তমান বাজারদরের সঙ্গে সংগতি রেখে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য মজুরি কাঠামো গঠনের সুপারিশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এ সুপারিশ করা হয়।কমিটির সভাপতি ইসরাফিল আলমের সভাপতিত্বে সভায় জরুরিভিত্তিতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন বিল ২০০৬ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। ইসরাফিল আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা দ্রুত মজুরি কাঠামো গঠনের তাগিদ দিয়েছি। অবশ্য শ্রমমন্ত্রী বলেছেন, আগামী মাসেই মজুরি কাঠামো ঘোষণা করা হবে।’এ ছাড়া সভায় পরিবহন খাতে সমিতির নামে রাস্তায় দাঁড়িয়ে চাঁদা আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পাঁচ হাজার টাকা মজুরি দাবি: পোশাকশ্রমিকের জন্য ন্যূনতম পাঁচ হাজার টাকা মজুরি দাবি করেছে শ্রমিক ফেডারেশনগুলো। অন্যদিকে মালিকেরা বলেছেন, তাঁদের সক্ষমতা কতটুকু তা বিবেচনায় নিতে হবে। পোশাক খাতের জন্য সরকার গঠিত ন্যূনতম মজুরি বোর্ড গতকাল বৃহস্পতিবার সকালে পোশাকশিল্প-মালিক এবং বিকেলে শ্রমিক ফেডারেশনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করে।