পোশাকশিল্পের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রব্যমূল্য, মুদ্রানীতি ও বিশ্ব শ্রম সংস্থার (আইএলও) ন্যূনতম মজুরি বিবেচনায় বাংলাদেশের পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ করতে হবে। তবে পোশাকশিল্পের সমস্যার সমাধানে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

গতকাল মঙ্গলবার সকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে তৈরি পোশাকশ্রমিকদের ন্যায্যতা প্রতিষ্ঠার বিষয়ে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ নারী প্রগতি সংঘ এ সভার আয়োজন করে।

সভায় নিরাপদ কর্মপরিবেশ, আবাসন ও পরিবহনসুবিধা, স্বাস্থ্য ভাতা, গ্রুপ বিমা, নিয়োগপত্র প্রদান, মাতৃত্বকালীন ছুটি, রেশন ও ট্রেড ইউনিয়ন-সুবিধার দাবি জানান বক্তারা।

অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, মালিকেরা ট্রেড ইউনিয়ন করার অনুমতি দিচ্ছেন না। কারণ, এতে মুনাফার ৫ শতাংশ শ্রমিকদের দিতে হবে।

রাজনীতিক মাহমুদুর রহমান বলেন, শ্রমিক অধিকার আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।

ধসে পড়া রানা প্লাজার এক কারখানার শ্রমিক শাবানা বলেন, মৃত শ্রমিকদের স্বজনেরা আর্থিক সহযোগিতা পেলেও আহত শ্রমিকেরা কিছুই পাচ্ছে না। শ্রমিকনেতা মন্টু ঘোষ বলেন, বেতন-ভাতা দেওয়ার সময় শ্রমিকদের কাছ থেকে নিবন্ধন কার্ড রেখে দেওয়া হচ্ছে। ফলে ওইসব শ্রমিক পরবর্তী সময়ে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না।

বাংলাদেশ লেবার স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক সুলতান আহমেদ বলেন, পোশাকশিল্পের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আয়োজক সংগঠনের নির্বাহী পরিচালক রোকেয়া কবির বলেন, আলোচনা সভা থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় সংসদে পেশ করা হবে।