পোশাকশ্রমিক ও কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক নারী পোশাকশ্রমিক এবং সখীপুরে এক কলেজছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দুই স্থানে দুজন গ্রেপ্তার হয়েছেন।
গত বুধবার রাতে ধর্ষণের শিকার ওই নারী পোশাককর্মীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নান্দাইল উপজেলার ফরিদাকান্দা গ্রাম থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই নারী পোশাকশ্রমিক বলেন, তাঁর বাড়ি পাকুন্দিয়া উপজেলায়। গত রমজানে ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়ি আসার পথে বাসে কটিয়াদির পং মশুয়া এলাকার আশিক হাসান ওরফে শুভর (২৩) সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর তাঁদের দুজনের মধ্যে মুঠোফোনে সম্পর্ক গড়ে ওঠে। ওই পরিচয়ের সূত্র ধরে আশিক গত শুক্রবার তাঁকে মুঠোফোনে ডেকে আনেন। পরে আশিক তাঁকে নান্দাইলের ফরিদাকান্দা গ্রামের এক অটোরিকশা চালকের বাড়িতে চার দিন আটকে রেখে ধর্ষণ করেন।
ওই এলাকার গ্রাম পুলিশ মো. হারিছ উদ্দিন বলেন, গ্রামবাসীর মুখে নারী নির্যাতনের অভিযোগ শুনে তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁদের দুজনকে ধরে থানায় নিয়ে যায়।
এলাকার কয়েকজন বাসিন্দা ও নান্দাইল থানা সূত্রে জানা গেছে, গতকাল ওই নারীর বাবা নান্দাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আবু হানিফ বলেন, আশিককে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ধর্ষণের শিকার কলেজছাত্রী ও সখীপুর থানা সূত্রে জানা গেছে, উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের গড়বাড়ি গ্রামের কলেজছাত্র আল আমিন বিয়ের প্রলোভন দেখিয়ে স্থানীয় এক কলেজছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। গত বুধবার ওই ছাত্র তাঁকে ফুসলিয়ে বনে নিয়ে ধর্ষণ করেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ওই মেয়েটি বাদী হয়ে গতকাল আল আমিনের বিরুদ্ধে মামলা করেন। তবে ওই কলেজছাত্রের বাবার দাবি, তাঁর ছেলে ষড়যন্ত্রের শিকার। ছেলেকে ফাঁসাতে ওই মেয়েটি নাটক করেছেন।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুল হক বলেন, আদৌ ধর্ষণের ঘটনা ঘটেছে কি না, তা প্রমাণের জন্য মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আল আমিনকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।