পোশাকশ্রমিক ও বস্তিবাসীর যক্ষ্মা শনাক্তকরণে ঘাটতি থেকে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলখানায় বন্দী কয়েদি, পোশাকশ্রমিক এবং বস্তিবাসীদের যক্ষ্মা শনাক্তকরণের ক্ষেত্রে ঘাটতি থেকে যাচ্ছে। এ ছাড়া চর, হাওর এবং পাহাড়ি এলাকার মতো দুর্গম অঞ্চলে বসবাসরত ব্যক্তিদের এখন পর্যন্ত যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে কাঙ্ক্ষিতমাত্রায় সম্পৃক্ত করা সম্ভব হয়নি। যেটাকে যক্ষ্মা নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গতকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যক্ষ্মা নিয়ন্ত্রণ-বিষয়ক এক কর্মশালায় তাঁরা এ অভিমত দেন। মার্কিন সাহায্য সংস্থা ইউএসএইড, ইউআরসি এবং টিবি কেয়ার-২ প্রকল্পের যৌথ আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
তাঁরা বলেন, গত দুই দশকে বাংলাদেশ যক্ষ্মা নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করলেও শিশুদের যক্ষ্মা শনাক্তকরণ ও নিয়ন্ত্রণের
ক্ষেত্রে খুব বেশি অগ্রগতি হয়নি। অথচ প্রতিবছর বাংলাদেশে ৬ শতাংশ শিশুমৃত্যুর কারণ এই যক্ষ্মা। ১৯৯৬ সালে যক্ষ্মা শনাক্তকরণের
হার ছিল ১ দশমিক ৮৫ শতাংশ। বর্তমানে তা ৩ দশমিক ৩৫ শতাংশ।
এ চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সরকারি-বেসরকারি পর্যায়ের সমন্বিত উদ্যোগ আরও বাড়ানোর সুপারিশ করেন বক্তারা।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিবি কেয়ার-২-এর প্রকল্প পরিচালক রেফিলো মাটজি, বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার সাবেরা সুলতানা ও ভিকারুননিসা বেগম, ইউআরসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিরাজ কাক, সরকারের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর মো. মোজাম্মেল হক প্রমুখ।