পোশাকশ্রমিক খুন স্ত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের শিমুলতলা এলাকায় গত বুধবার রাতে মো. রফিকুল ইসলাম (৩২) নামের এক পোশাকশ্রমিক খুন হয়েছেন। তিনি সাভারের উত্তর চাঁপাইন এলাকার নূরুল ইসলামের ছেলে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রীকে আটক করেছে।সাভার থানার পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রফিকুল স্ত্রীকে নিয়ে মার্কেটে যান। কেনাকাটা শেষে রিকশাযোগে বাসায় ফেরার পথে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকায় সন্ত্রাসীরা তাঁদের পথরোধ করে। পরে রফিকুলকে রিকশা থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে তারা। মুমূর্ষু অবস্থায় তাঁকে রাতেই এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত একটায় তিনি মারা যান। এ ঘটনায় রফিকুলের বাবা নূরুল ইসলাম গতকাল সাভার থানায় দুজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।রফিকুলের ভাই কামরুল ইসলাম অভিযোগ করেন, তাঁর ভাবির পরকীয়ার কারণে ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে তাঁর ভাবি বলেন, তাঁকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে এসব মিথ্যা অভিযোগ করা হচ্ছে।মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার এসআই সফিউল আলম বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে পরকীয়ার কোনো যোগসাজশ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।