পোশাকশ্রমিক ধর্ষণ: মিরপুরের ডিসিসহ তিনজনকে তলব
রাজধানীর মিরপুরে মাইক্রোবাসে এক পোশাকশ্রমিককে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে তিনজনকে তলব করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের মিরপুর অঞ্চলের উপকমিশনার (ডিসি) ও মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ১৫ জুলাই তলব করেছেন হাইকোর্ট।
ক্ষতিগ্রস্ত ব্যক্তির চিকিত্সাবিষয়ক প্রতিবেদন নিয়ে ওই দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের অফিসার ইনচার্জকেও হাজির হতে বলা হয়েছে।
আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর রুলসহ এ আদেশ দেন।
‘চলন্ত মাইক্রোবাসে পোশাকশ্রমিককে ধর্ষণ’ শিরোনামে ৩ জুলাই প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়। প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে ৫ জুলাই রিট আবেদনটি করা হয়। এতে রাজধানীর মিরপুরে চলন্ত মাইক্রোবাসে এক নারী পোশাকশ্রমিককে আটক রেখে রাতভর ধর্ষণের ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশনাও চাওয়া হয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আবদুল হালিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
আদেশের বিষয়টি জানিয়ে আইনজীবী মো. আবদুল হালিম পরে প্রথম আলোকে বলেন, হাইকোর্ট মিরপুর জোনের ডিসিসহ তিনজনকে ১৫ জুলাই আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে ওই মাইক্রোবাসটি আটকসহ ওই ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হয়েছে।
রুলে রাস্তায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নীতিমালা তৈরি এবং ধর্ষণ, ইভটিজিং ও উত্ত্যক্তকারীদের চিহ্নিত করতে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে পদক্ষেপ নিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। ওই ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তার না করার ক্ষেত্রে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, শ্রমসচিব, প্রধান কারাখানা পরিদর্শক, পুলিশের মহাপরিদর্শকসহ আট বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
১ জুলাই রাতে এক নারী পোশাকশ্রমিককে তুলে নিয়ে মিরপুরে একটি মাইক্রোবাসে আটক রেখে ধর্ষণ করা হয়। পরদিন ওই নারীকে রাস্তায় ফেলে যায় দুর্বৃত্তরা। পরে ক্ষতিগ্রস্ত ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিত্সা দেওয়া হয়।