পোশাকশ্রমিক নেত্রী মোশরেফা মিশু আটকের পর মুক্ত
পোশাকশিল্পে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের সভাপতি মোশরেফা মিশুসহ (৩৫) ছয়জনকে আটকের সাড়ে পাঁচ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে গাজীপুর জেলা সদরের চান্দনা চৌরাস্তায় পোশাকশ্রমিকদের সমাবেশ থেকে তাঁদের আটক করা হয়।তাঁরা হলেন জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. বাহারানে সুলতান বাহার (৪৫), পোশাকশ্রমিক মো. মনসুর (২৫), মো. বায়েজিদ হোসেন (১৮), ফরিদ আলী (৩২) ও জালাল উদ্দিন (২৭)।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে চান্দনা চৌরাস্তায় টাঙ্গাইল সড়কের মোড়ে ১৫০ থেকে ২০০ শ্রমিকের সমাবেশ শুরু হয়। বিকেল পৌনে পাঁচটার দিকে সমাবেশ শেষের দিকে বিপুলসংখক পুলিশ এলাকা ঘিরে ফেলে। সমাবেশে তখন মোশরেফা মিশু বক্তব্য দিচ্ছিলেন। জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম তাঁদের আটক করে থানায় নিয়ে যান।নাম প্রকাশ না করার শর্তে পুলিশ কর্মকর্তারা জানান, পুলিশের অনুমতি ছাড়া সমাবেশ, সরকারবিরোধী বক্তব্য এবং পোশাক খাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারার অভিযোগে আটক ছয়জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার প্রস্তুতি চলছিল। পরে সরকারের ঊর্ধ্বতন মহলের নির্দেশে তাঁদের ছেড়ে দেওয়া হয়।জয়দেবপুর থানাহাজতে আটক থাকা অবস্থায় মোশরেফা মিশু সাংবাদিকদের জানান, সমাবেশের জন্য প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হয়েছিল। তবু পুলিশ বেআইনিভাবে তাঁদের আটক করে।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, রাস্তা বন্ধ করে অনুমতি ছাড়া সভা করায় মোশরেফা মিশুসহ ছয়জনকে আটক করা হয়। পরে ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবেন না বলে প্রতিশ্রুতি দিলে রাত সাড়ে নয়টার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়।