পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৩০
নারায়ণগঞ্জে রপ্তানিমুখী একটি পোশাক কারখানা লে-অফ ঘোষণার প্রতিবাদে এবং কারখানাটি চালুর দাবিতে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে ফতুল্লার লালপুরে এ ঘটনা ঘটে।পরে বিকেএমইএর নেতারা আগামী শনিবার মালিকপক্ষের সঙ্গে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সদর উপজেলার ফতুল্লার লালপুরে অবস্থিত রপ্তানিমুখী পোশাক কারখানা মার্ক নিটওয়্যারের শ্রমিকেরা গতকাল সকালে কাজে যোগ দিতে এসে কারখানা লে-অফ ঘোষণার নোটিশ দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা কারখানার ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। মিছিল নিয়ে তাঁরা ফতুল্লার কোতয়ালেরবাগ এলাকার মোতালেব মনোয়ারা নিট কম্পোজিট কারখানার প্রধান ফটক ভাঙচুর করেন। এ সময় তাঁরা ওই কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টার করলে কর্তৃপক্ষ কারখানা ছুটি দিয়ে দেয়। বিক্ষুব্ধ শ্রমিকেরা মিছিল নিয়ে ফতুল্লার কাঠের পুলে অবস্থিত পলমল, আবির ও ক্যাডটেক্স পোশাক কারখানার শ্রমিকদের নামিয়ে আনার চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের লাঠিচার্জ, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে ৩০ জন শ্রমিক আহত হন।কারখানার সুইং সুপারভাইজার মাহতাব উদ্দিন জানান, সকালে কাজে যোগ দিতে এসে কারখানা ১৫ দিনের জন্য লে-অফ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশে উল্লেখ করা হয়েছে, কাজের স্বল্পতা ও বর্তমান বায়ারের অর্ডার একেবারে না পাওয়ার কারণে কর্তৃপক্ষ ১৫ দিনের জন্য কারখানা লে-অফ ঘোষণা করেছে। লে-অফ চলাবস্থায় শ্রমিকদের সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত গার্মেন্টসের গেটে হাজিরা দিতে বলা হয়েছে।কারখানার শ্রমিক লাইজু, ঝুনু ও জলি অভিযোগ করেন, রোজার মাসে লে-অফের কারণে তাঁরা ওভারটাইম করতে পারবেন না। যাঁরা উৎপাদনভিত্তিক মজুরিতে কাজ করেন, তাঁদের ন্যূনতম মজুরি ধরিয়ে দেওয়া হলে স্বাভাবিকের তুলনায় আয় কমে যাবে। এ ছাড়া লে-অফের কারণে তাঁদের বোনাসও দেওয়া হবে না। তাঁরা কারখানা চালুর দাবি জানান।বিকেএমইএর শ্রমিকবিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জি এম ফারুক বলেন, ‘গত মঙ্গলবার বিকেএমইএ অফিস বন্ধ হওয়ার ১০ মিনিট আগে মার্ক নিটওয়্যার লিমিটেডের পক্ষ থেকে তাদের প্রতিষ্ঠান লে-অফ করার ব্যাপারে নোটিশের একটি কপি পাঠানো হয়। ফলে সে সময় আমাদের কিছু করার ছিল না। গতকাল সকালে আমরা ঘটনাস্থলে গিয়ে কথা বলে শ্রমিকদের শান্ত করি। আগামী শনিবার মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের সমস্যা সমাধান করা হবে।’ফতুল্লা থানার ওসি আবদুল মতিন জানান, শ্রমিকেরা অন্য গার্মেন্টসের শ্রমিকদের নামানোর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।