পোশাকশ্রমিক হত্যায় যুবকের যাবজ্জীবন
গাজীপুরে পোশাকশ্রমিক মো. নিরু মিয়া হত্যা মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত মো. ফরহাদ হোসেন (৩০) গাজীপুর সিটি করপোরেশনের বারবৈকা এলাকার নান্নু মিয়ার ছেলে। রায় দেওয়ার সময় ফরহাদ আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১২ সালে স্ট্যাম্পে সই করে বারবৈকা এলাকার নিরু মিয়ার কাছ থেকে একই এলাকার ফরহাদ ৫০ হাজার টাকা ধার নেন। নির্ধারিত সময়ে ফরহাদ টাকা পরিশোধ না করায় নিরু একাধিকবার তাগাদা দেন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ফরহাদ ক্ষিপ্ত হয়ে হত্যার হুমকি দেন। পরে স্থানীভাবে মীমাংসার চেষ্টা হয়। ওই বছরের ১০ মে ফরহাদ তাঁর ভাই সোহরাব ও বোন শাহনাজ বেগমকে সঙ্গে নিয়ে নিরু মিয়ার বাড়ি যান। স্ট্যাম্পটি ফেরত দিয়ে তাঁদের সঙ্গে (আসামিদের) বাসায় যেতে বলেন। নিরু স্ট্যাম্পসহ তাঁদের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। দুদিন পর স্থানীয় মো. কফিল উদ্দিনের বাসার পশ্চিমে একটি ডোবায় নিরুর লাশ পাওয়া যায়।