পোশাকশ্রমিককে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ছাত্রকে কুপিয়ে জখম
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় গত শনিবার এক নারী পোশাকশ্রমিককে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা জহিরুল ইসলাম (২০) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জহিরুল নগরের ১ নম্বর উত্তর মাসদাইর এলাকার বাসিন্দা মিজানুর রহমানের ছেলে। তিনি তোলারাম কলেজের স্নাতকের ছাত্র।জহিরুল জানান, শনিবার রাতে শহরের মাসদাইর এলাকার কয়েকটি পোশাক কারখানায় ছুটি হয়। এ সময় এলাকার বখাটে মুন্নাসহ কয়েকজন এক নারী শ্রমিকের হাত ধরে টানাটানি করে একটি নির্জন এলাকায় নেওয়ার চেষ্টা করে। তিনি এ ঘটনার প্রতিবাদ জানালে বখাটেরা মেয়েটিকে ছেড়ে দেয়। কিছুক্ষণ পর বখাটেরা ধারালো অস্ত্র ও রড নিয়ে তাঁর ওপর হামলা চালায়। তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তাঁকে প্রথমে শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।ফতুলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, মৌখিকভাবে শোনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।