পোশাকশ্রমিককে হত্যার দায়ে সহকর্মীর মৃত্যুদণ্ড
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক পোশাকশ্রমিককে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক গতকাল রোববার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো. আবদুল হালিম (২৬) বগুড়ার সোনাতলা উপজেলার মোনার পটল গ্রামের বাসিন্দা।
গাজীপুরের সরকারি কৌঁসুলি হারিছ উদ্দিন আহমদ বলেন, রংপুরের পীরগাছা উপজেলার জয়সেন গ্রামের শাহ আলম তাঁর পরিবার নিয়ে উপজেলার মৌচাক ইউনিয়নের ডুলিপাড়া এলাকায় এক বাড়িতে ভাড়া থাকতেন। শাহ আলমের ছেলে মাসুদ মিয়া (১৬) স্থানীয় হানিফ স্পিনিং মিলে চাকরি করত। ২০১১ সালের ১৬ মার্চ ওই মিলের ভেতর থেকে গলায় রশি প্যাঁচানো এবং গলা কাটা অবস্থায় মাসুদের লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই নিহতের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল আলম ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মাসুদের সহকর্মী আবদুল হালিমকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে তিনি মাসুদ মিয়াকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছর ১৪ মে হালিমকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।
দীর্ঘ শুনানি ও ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে হালিমের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় হালিমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানাও করেন আদালত।