পোশাকশ্রমিকদের আবারও বিক্ষোভ সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে রপ্তানিমুখী একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানা খুলে দেওয়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। একপর্যায়ে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করেন তাঁরা। এ সময় ১০টি গাড়ি ভাঙচুর করা হয়। পরে র্যাব ও পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।এদিকে গত বুধবার কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় রাতেই অজ্ঞাতনামা কয়েক শ শ্রমিকের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে। কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) নুরুল হক বাদী হয়ে এই মামলা করেন। গতকাল সকালে মহসীন ও আবদুর রাজ্জাক নামের দুই শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে আদমজী ইপিজেডে অবস্থিত রপ্তানিমুখী ইপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ইপিক-১ ও ইপিক-৩ ইউনিটের শ্রমিকেরা কাজে যোগ দিতে গিয়ে মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। এতে ক্ষুব্ধ হন তাঁরা। পরে কারখানা চালুর দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। সকাল সাড়ে নয়টার দিকে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করেন তাঁরা। একপর্যায়ে র্যাব ও পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের পুল এলাকায় শ্রমিকেরা আবারও সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় র্যাব ও পুলিশের লাঠিপেটায় অন্তত ২০ জন আহত হন। উল্লেখ্য, বোনাস নিয়ে বিরোধের জেরে গত বুধবার বিকেলে একই পোশাক কারখানায় ভাঙচুর করেন শ্রমিকেরা। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা বিকেলে প্রথম আলোকে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ইপিজেড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।