পোশাকশ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।সমাবেশে শ্রমিক নেতারা বলেন, গত বৃহস্পতিবার গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিনসহ ইয়াগী বাংলাদেশ ফ্যাশনস লিমিটেডের চাকরিচ্যুত শ্রমিকদের পাওনা পরিশোধের কথা বলে বিজিএমইএ কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে যাওয়ার পর বিজিএমইএর নিরাপত্তাকর্মী ও কর্মচারীরা হামলা চালালে রুহুল আমিনসহ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। সমাবেশে বলা হয়, শ্রমিকদের অধিকার ও দাবি আদায়ে ২০০৬ সাল থেকে রুহুল আমিন কাজ করে আসছেন। তাই মালিক সমিতি (বিজিএমইএ) ক্ষুব্ধ হয়ে তাঁদের ওপর এ হামলা চালিয়েছে। দোষী ব্যক্তিদের শাস্তি না হলে বিজিএমইএ কার্যালয় ঘেরাও করা হবে। সেই সঙ্গে ন্যূনতম মজুরি আট হাজার টাকা করাসহ ১০ দফা দাবি জানান শ্রমিকেরা।গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সাদেকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের সহসভাপতি সুৎফর রহমান, জিয়াউল কবির, জলি তালুকদার প্রমুখ বক্তব্য দেন। একই দাবিতে গতকাল উত্তরা, গাজীপুর, আশুলিয়া ও নারায়ণগঞ্জে এ কর্মসূচি পালন করা হয়।