পোশাকশ্রমিকদের জন্য তিন মাসের মধ্যে নতুন বেতন কাঠামো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাসের মধ্যে পোশাকশ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।গতকাল বুধবার সচিবালয়ে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।নিম্ন মজুরির ফলে শ্রমিকেরা অত্যন্ত কষ্টে দিন যাপন করছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি এক হাজার ৬৬৪ টাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নতুন যে বেতন কাঠামো ঘোষণা করা হবে, সেটি বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের সব ন্যায্য দাবি বাস্তবায়নে সরকার তাঁদের সহায়তা করবে। গ্র্যাচুইটি বাস্তবায়নে মালিকদের বাধ্য করা হবে।পোশাকশিল্পে নাশকতার চেষ্টা হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে সাবধান করে দেন মোশাররফ হোসেন। তিনি বলেন, এ খাতের অস্থিরতা পর্যবেক্ষণে বিজিএমইএ ভবনে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গত দুই দিনে ঢাকা ও নারায়ণগঞ্জে সৃষ্ট বিশৃঙ্খলায় ‘দেশি-বিদেশি রাজনৈতিক শক্তির’ উসকানি ছিল বলেও মনে করেন মন্ত্রী। তিনি জানান, যারা উসকানি দিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, সরকার ইতিমধ্যে তাদের বেশ কয়েকজনকে চিহ্নিত করেছে। শিগগিরই তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন চৌধুরীও শ্রমিকদের বেতন বৃদ্ধি জরুরি বলে স্বীকার করেন। তবে বিশৃঙ্খলা না করে দাবিদাওয়া নিয়ে নিজস্ব ফোরামে আলোচনা করার অনুরোধ জানান। শ্রমিকদের আগামী তিন মাস ধৈর্য ধরতেও বলেন তিনি।