তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর লক্ষ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বোর্ড যখনই মজুরি নির্ধারণ করুক না কেন, তা কার্যকর হবে ১ মে থেকে। গতকাল রোববার বিকেলে শ্রম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। শ্রম আইন, ২০০৬-এর ১৩৮ ধারার বিধান অনুযায়ী, এ বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়েছে। তবে বোর্ডের চেয়ারম্যান কাকে করা হচ্ছে, তা বলেননি মন্ত্রী।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএর সভাপতি নাসিম ওসমানসহ বেশ কয়েকজন মালিক, শ্রমিক প্রতিনিধি ও শ্রমিকনেতা উপস্থিত ছিলেন।
তবে মন্ত্রী বক্তব্য দিয়ে চলে যাওয়ার পরপরই পোশাক কারখানার মালিকেরা বাইরে এসে ক্ষোভ প্রকাশ করেন। বিজিএমইএ, বিকেএমইএর নেতারা উচ্চ স্বরে বলতে থাকেন, ‘১ মে থেকে মজুরি কার্যকর করা সম্ভব নয়। এভাবে হয় না। আমাদের সঙ্গে কথা না বলেই ১ মে থেকে কার্যকরের কথা বলা হয়েছে। অথচ আমরাই মজুরি বোর্ড গঠনের পরামর্শ দিয়েছি।’ পরে তাঁরা শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের দপ্তরে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন। এ সময় সাংবাদিকেরা মন্ত্রীর দপ্তরের বাইরে থেকে শুনছিলেন ভেতরে মালিকেরা উচ্চ স্বরে কথা বলছেন। পরে তাঁদের বুঝিয়ে শান্ত করেন মন্ত্রী।
এভাবে বেশ কিছুক্ষণ চলার পর মন্ত্রীর কক্ষ থেকে বের হয়ে আসেন তৈরি পোশাক কারখানার মালিকেরা। এ সময় সাংবাদিকেরা জানতে চান, পাটমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১ মে থেকে মজুরি বোর্ড কার্যকর হলে তা মানবেন কি না। জবাবে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম পাটমন্ত্রীর ঘোষণার সরাসরি জবাব না দিয়ে বলেন, মজুরি বোর্ড যে সিদ্ধান্ত দেবে, সেটাই বাস্তবায়িত হবে। বারবার তিনি একই কথা বলতে থাকেন। একই ধরনের কথা বলেন বিকেএমইএর সভাপতিও।
তবে সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত শ্রমিক প্রতিনিধিরা হাততালি দিয়ে সরকারের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।
শ্রম মন্ত্রণালয়ের সূত্রমতে, বোর্ডকে ছয় মাসের মধ্যে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ করে সুপারিশ দেওয়ার জন্য সময় দেওয়া হোক। মজুরি বোর্ডের অনুরোধে সরকার এ সময় বৃদ্ধি করতে পারবে। এর আগে সর্বশেষ মজুরি বোর্ডের সুপারিশ অনুযায়ী, ২০১০ সালের নভেম্বর থেকে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি কার্যকর হয়। সর্বশেষ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, শ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা। শ্রমিকেরা এটা বাড়ানোর জন্য দাবি জানিয়ে আসছেন।
জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে মজুরি বোর্ডের ঘোষণায় সরকারকে অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে তারা বর্তমান বাজারের সঙ্গে সংগতি রেখে আট হাজার টাকা ন্যূনতম মজুরি এবং সব ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন দেওয়ার দাবি জানিয়েছে।