পোশাকশ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। গতকাল শনিবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে সংগঠনের নেতারা এই দাবি জানান। রাজধানীর মুক্তাঙ্গনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের শিল্পশ্রমিকদের মধ্যে সবচেয়ে কম মজুরি পান তৈরি পোশাকশিল্পের শ্রমিকেরা। সম্প্রতি এই খাতের শ্রমিকদের মজুরি বাড়ানো হলেও তা যথেষ্ট নয়। সে জন্য বক্তারা শ্রমিকদের দুর্দশা লাঘবে রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে বেশ কয়েক দফায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তা কার্যকর না হওয়ায় বক্তারা হতাশা ব্যক্ত করেন। ফেডারেশনের সভাপতি আমিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় নেতা শাফিয়া পারভীন, ফারুক খান, আরিফা আক্তার, রাশিদা আক্তার প্রমুখ বক্তব্য দেন।