পোশাকশ্রমিকরা যে পারিশ্রমিক পান, তা তাঁদের মৌলিক চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত নয়—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিগগির নতুন বেতন কাঠামো ঘোষণা করা হবে। গতকাল মঙ্গলবার গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর ইউএনবি ও বাসসের।শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বেতন কাঠামোর ব্যাপারে মালিকদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গেও আমি এ নিয়ে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, নতুন বেতন কাঠামো শিগগিরই ঘোষণা করা হবে।’যুব মহিলা লীগের অষ্টম ও মহিলা শ্রমিক লীগের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘একই ধরনের কাজ করে পুরুষের তুলনায় নারীরা কম মজুরি পান। এটা বৈষম্যমূলক। নারীদের বিরুদ্ধে এ ধরনের বৈষম্য দূর করতে সরকার পদক্ষেপ নেবে।’সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকরা যে মজুরি পান, তা দিয়ে তাঁদের চলে না। কিন্তু ভাঙচুর করে তাঁদের কোনো লাভ হবে না। কারণ ভাঙচুরের ফলে বেশির ভাগ মালিকেরই কোনো ক্ষতি হয় না। তাঁরা বিমা থেকে ক্ষতিপূরণ পেয়ে যান। অথচ ভাঙচুরের মাশুল গুনতে হয় শ্রমিকদেরই।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আখতার, সাধারণ সম্পাদিকা অপু উকিল, মহিলা শ্রমিক লীগের সভানেত্রী রওশন জাহান ও সাধারণ সম্পাদিকা সামসুন্নাহার। যুব মহিলা লীগ ও মহিলা শ্রমিক লীগ গঠনের প্রেক্ষাপট তুলে ধরে শেখ হাসিনা বলেন, নারীদের অধিকার প্রতিষ্ঠাই ছিল এর অন্যতম উদ্দেশ্য। তিনি বলেন, ‘আমাদের সংবিধানে নারী-পুরুষের সমঅধিকারের কথা বলা আছে। আওয়ামী লীগ সব সময়ই নারীদের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চাকরির ক্ষেত্রে নারীদের কোটা সংরক্ষণসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন।’কর্মক্ষেত্রে নারীরা দক্ষতার পরিচয় দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শিক্ষা-দীক্ষায় নিজেদের যোগ্য করে তুলে সরকারের দেওয়া সুযোগ-সুবিধা কাজে লাগানোর জন্য নারীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের মন্ত্রিসভায় কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন নারীরা। দায়িত্ব পালনে তাঁরা সফলতার পরিচয় দিচ্ছেন।’ শেখ হাসিনা আরও বলেন, ‘গত নির্বাচনে একমাত্র আওয়ামী লীগই সবচেয়ে বেশি ১৭ জন নারীকে মনোনয়ন দিয়েছিল। তাঁদের মধ্যে একজন বাদে সবাই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে এসেছেন।’বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘পাঁচ বছরে তারা দুর্নীতি, লুটপাট ছাড়া দেশের মানুষের জন্য আর কিছুই করেনি।’ দ্রব্যমূল্য, বিদ্যুৎ ও পানিসহ বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৯৬ সালে সরকার গঠন করার সময়ও একই ধরনের সমস্যা মোকাবেলা করতে হয়েছে। পাঁচ বছর অক্লান্ত পরিশ্রম করে বিদ্যুৎ সমস্যার সমাধান ও দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে সক্ষম হয়েছিলাম। বিগত চারদলীয় জোট সরকার জনগণের কল্যাণে আমাদের নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়ন করলে আজ দেশের এ অবস্থা হতো না।’বিএনপির দুর্নীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি ছাড়া পাঁচ বছরে কেউ হাজার কোটি টাকার মালিক হতে পারে না। তিনি বলেন, ‘যেকোনো মূল্যে দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত রাখা হবে। কারণ দুর্নীতিমুক্ত না হলে দেশের অর্থনৈতিক উন্নতি সম্ভব নয়।’বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে অন্যায়-অত্যাচার ও দুর্নীতির কথা মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যুব মহিলা লীগ এবং মহিলা শ্রমিক লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘একই সঙ্গে বর্তমান সরকারের সাফল্যও জনসম্মুখে তুলে ধরতে হবে।’ সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকারের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের জন্য অবশ্যই শক্তিশালী সংগঠন দরকার। তার ওপরই নির্ভর করে সরকারের সফলতা।’