পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ৮ হাজার টাকা করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নতম মজুরি আট হাজার টাকার দাবি মেনে নিতে সরকার ও মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। গতকাল রোববার কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সভায় এ আহ্বান জানানো হয়।
সভায় শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন অগ্রসর করার আহ্বান জানান নেতারা। একই সঙ্গে ৩১ অক্টোবর মজুরি বোর্ডের সভায় ন্যায্য মজুরি নিশ্চিত করা না হলে পরদিন সব পোশাকশিল্প অঞ্চলে সভা-সমাবেশের আহ্বান জানান তাঁরা।
নেতারা অভিযোগ করেন, পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির ক্ষেত্রে টালবাহানা শুরু করেছেন মালিকেরা। আজ (রোববার) মজুরি বোর্ডের শেষ বৈঠকে সুপারিশ শ্রম মন্ত্রণালয়ে পেশ করার কথা। বৈঠকে মালিকেরা উপস্থিত হননি। নেতাদের অভিযোগ, মালিকেরা ন্যায্য মজুরি না দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দমন-নির্যাতনের পথ বেছে নিয়েছেন।
সংগঠনের সভাপতি মন্টু ঘোষের সভাপতিত্বে সভায় পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন ও করণীয় সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন। সভায় সংগঠনের কার্যকরী সভাপতি সাদেকুর রহমান, ইদ্রিস আলী, রেজাউল কবির, এম মিন্টু, ইকবাল হোসেন প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।