পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরির গেজেট প্রকাশিত
তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি পাঁচ হাজার ৩০০ টাকা রেখেই গেজেট প্রকাশ করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে গতকাল বৃহস্পতিবার এই গেজেট প্রকাশ করা হয়।
পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীর জন্য ‘নিম্নতম মজুরি বোর্ডের’ সুপারিশ অনুযায়ী এটি প্রকাশিত হয়েছে। গেজেট অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে এই নতুন মজুরিকাঠামো কার্যকর হবে। শ্রমিক ও কর্মচারীরা মূল মজুরির ৫ শতাংশ হারে বার্ষিক প্রণোদনা পাবেন।
পোশাকশ্রমিকদের নিম্নতম (গ্রেড নম্বর ৭) মজুরি হবে পাঁচ হাজার ৩০০ টাকা। এর মধ্যে মূল মজুরি তিন হাজার টাকা, বাড়িভাড়া এক হাজার ২০০, চিকিৎসা ২৫০, যাতায়াত ২০০ ও খাদ্য ভাতা ৬৫০ টাকা। এ ছাড়া ৬ নম্বর গ্রেডের শ্রমিকদের মোট মজুরি হবে পাঁচ হাজার ৬৭৮ টাকা, ৫ নম্বর গ্রেডে ছয় হাজার ৪২, ৪ নম্বর গ্রেডে ছয় হাজার ৪২০, ৩ নম্বর গ্রেডে ছয় হাজার ৮০৫, ২ নম্বর গ্রেডে ১০ হাজার ৯০০ এবং ১ নম্বর গ্রেডে ১৩ হাজার টাকা। তবে শিক্ষানবিশ শ্রমিকেরা পাবেন চার হাজার ১৮০ টাকা।
অন্যদিকে কর্মচারীদের সর্বনিম্ন (গ্রেড নম্বর ৪) মোট মজুরি হবে পাঁচ হাজার ৬৫০ টাকা, ৩ নম্বর গ্রেডে সাত হাজার ৪০০, ২ নম্বর গ্রেডে আট হাজার ১০০ ও ১ নম্বর গ্রেডে ১০ হাজার ২০০ টাকা। তবে শিক্ষানবিশ কর্মচারীরা পাবেন চার হাজার ৩২০ টাকা।