ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীদের এক বৈঠকে গত শুক্রবার বাংলাদেশের পোশাকশিল্পের শ্রমিকদের অবস্থা সম্পর্কে আলোচনা হলেও সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
ইউরোপীয় কাউন্সিলের ওই সভার পর প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের পোশাক কারখানার শ্রমিকদের সাম্প্রতিক দুর্ঘটনাগুলোর পটভূমিতে দেশটির শ্রমিকদের অবস্থা সম্পর্কে মন্ত্রীরা আলোচনা করেছেন। তাঁরা এসব দুর্ঘটনায় প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেন।
লুক্সেমবার্গে অনুষ্ঠিত ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমন্বিত বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির বিষয়ে আলোচনা, কানাডার সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তির আলোচনার অগ্রগতি পর্যালোচনা, ডিসেম্বরে অনুষ্ঠেয় বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের সম্মেলনের বিষয়ে প্রস্তুতি এবং চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্কের বিষয়গুলো নিয়ে ইউরোপীয় মন্ত্রীরা আলোচনা করেন।
বৈঠকের আগে কমিশন সূত্র জানিয়েছিল, ফ্রান্স ও নেদারল্যান্ডসের অনুরোধে আন্তর্জাতিক বাণিজ্যের সামাজিক ও পরিবেশগত মান অনুসরণের বিষয়ে পরিস্থিতির উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া সম্ভব, সে বিষয়ে মন্ত্রীরা আলোচনা করবেন।
সম্প্রতি সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় সহস্রাধিক পোশাকশ্রমিকের প্রাণহানির পটভূমিতে গত ২৩ মে ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশের পোশাকশিল্প এবং দেশটি থেকে ইউরোপে পোশাক আমদানির ক্ষেত্রে দেওয়া শূন্য শুল্কের সুবিধার বিষয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। ইউরোপীয় পার্লামেন্টের ওই প্রস্তাবে পোশাকশিল্পে শ্রমিকদের কাজের পরিবেশের উন্নয়ন ও মজুরি বাড়ানো না হলে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা (জিএসপি—জেনারেলাইজড প্রিফারেনশিয়াল সিস্টেম) প্রত্যাহারের জন্য কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছিল।