বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সা স্টিফেনস বার্নিকাট বলেছেন, বাংলাদেশ তৈরি পোশাক খাতে গত দুই-তিন বছরে বেশ সক্ষমতা অর্জন করেছে। বিশেষত, শ্রমিকদের নিরাপত্তার ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। তবে আরও অনেক কাজ বাকি রয়েছে।
গতকাল শুক্রবার সকালে গাজীপুরের বোর্ডবাজার এলাকার ইস্ট ওয়েস্ট শিল্পপার্ক লিমিটেডের কারখানার কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।
বার্নিকাট বলেন, ‘বাংলাদেশের শ্রমিক এবং তাঁদের শিশুরা কীভাবে জীবন যাপন করছেন তা দেখতে আজ আমরা এখানে এসেছি। আমার দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় নিবিড়ভাবে দেখতে পাচ্ছে—শ্রমিকেরা তাঁদের অধিকার পাচ্ছেন এবং তাঁরা একত্র হতে পারছেন।’
রাষ্ট্রদূত বলেন, বৈশ্বিক ক্রেতারাও জানেন, কীভাবে একজন শ্রমিক কাজ করছেন। এই প্রচেষ্টা তখনই সফল হবে, যখন মালিক ও শ্রমিকেরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। পরিবর্তন কখনোই সহজ নয়। শিল্পায়নের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে কারখানার কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করায় ইস্ট ওয়েস্ট মালিকপক্ষকে ধন্যবাদ জানান বার্নিকাট।
পরে ইস্ট ওয়েস্ট শিল্পপার্কের উদ্যোগে নার্গিস-রশীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনটি শাখায় ১১৩ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।