পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন বাড়ানোর আহ্বান এইচঅ্যান্ডএমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন বাড়াতে এবং তা প্রতিবছর পর্যালোচনা করার আহ্বান জানিয়েছে সুইডেনের নামী পোশাকবিক্রেতা প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএম। এইচঅ্যান্ডএমের প্রধান নির্বাহী কার্ল জোহান পারসন গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে ওই আহ্বান জানান বলে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল বুধবার জানিয়েছে।এইচঅ্যান্ডএমের প্রধান বলেন, শ্রমিকদের মৌলিক চাহিদা আরও ভালোভাবে পূরণ করা এবং পোশাকশিল্পে স্থিতিশীলতা বাড়ানোর জন্য এটি প্রয়োজন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কার্ল জোহান পারসন বলেন, ‘তৈরি পোশাকশিল্প অব্যাহতভাবে বিকশিত হয়ে একটি উন্নত ও পরিণত রূপ নেওয়াটা বাংলাদেশের পোশাকশিল্প ও আমাদের উভয়ের স্বার্থের জন্য অনুকূল।’ এইচঅ্যান্ডএম বলেছে, মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে তারা বাংলাদেশ সরকারের কাছে শ্রমিকদের ন্যূনতম বেতন প্রতিবছর পর্যালোচনা করার কথা বিবেচনার আহ্বান জানিয়েছে। বাংলাদেশে ১৯৯৪ সালে পোশাকশ্রমিকদের জন্য সর্বপ্রথম ন্যূনতম বেতনকাঠামো ঠিক করা হয়। এরপর তা ২০০৬ ও ২০১০ সালে পর্যালোচনা করা হয়।বাংলাদেশে এইচঅ্যান্ডএমের মালিকানাধীন প্রতিষ্ঠান না থাকলেও তারা তাদের মোট পোশাকের প্রায় ২৫ শতাংশ বাংলাদেশ থেকে সংগ্রহ করে।পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসে অ্যান্ড কোম্পানি জানিয়েছে, বাংলাদেশের পোশাকশিল্প ২০১৫ সালের মধ্যে দ্বিগুণ এবং ১০ বছরের মধ্যে তিন গুণ বড় হবে বলে তাদের প্রত্যাশা। চীনের পোশাক প্রস্তুতকারীদের উৎপাদন ক্ষমতার সীমাবদ্ধতা ও মজুরি বাড়ার যুগপৎ কারণে মুনাফা কমে যাওয়ায় আমদানিকারকেরা চীন থেকে সরে আসবেন বলে মনে করা হচ্ছে।সম্প্রতি এইচঅ্যান্ডএমের সাসটেইনেবিলিটি বিভাগের প্রধান হেলেনা হেলমারসন বলেন, ‘বাংলাদেশে ঘন ঘন ধর্মঘট ও বিক্ষোভ উৎপাদনে বিঘ্ন ঘটায় এবং দেরি করায়। আমরা বাংলাদেশে ব্যবসা আরও প্রসারিত করতে চাই।...একটি স্থিতিশীল বাজার ক্রেতা, বিক্রেতা, শ্রমিকসহ আমাদের সবাইকে উপকৃত করবে।’