তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা ও শ্রম আইন সংশোধন করার দাবি জানিয়েছে শ্রমিকদের দুটি সংগঠন।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন ও গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের পৃথক কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়।সকালে মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন। সমাবেশে নেতারা বলেন, সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের পোশাকশ্রমিকদের মজুরি সবচেয়ে কম। অথচ পোশাক মালিকেরা বিলাসবহুল জীবন যাপন করেন। ন্যায্য মজুরি চাইতে গেলে শ্রমিকদের কথায় কথায় চাকরিচ্যুতি ও নির্যাতন করা হয়। তাঁরা বলেন, ন্যূনতম মজুরির দাবি মানা না হলে আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের অধিকার আদায় করা হবে।কর্মসূচিতে বক্তব্য দেন পরিষদের চেয়ারম্যান আমিরুল হক, সালাউদ্দিন স্বপন, কামরুল আহসান, দেলোয়ার হোসেন, রাশেদুল আলম প্রমুখ।