পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৮০০০ টাকা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা বাস্তবায়ন করতে হবে। তা না হলে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে ন্যায্য মজুরি আদায় করা হবে। একই সঙ্গে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিক-পরিবারকে।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি ও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে পৃথক দুটি সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
গার্মেন্ট শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখতারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন লেখক, সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ, শ্রমিকনেতা শাহ আতিউল ইসলাম, জোনায়েদ সাকি, আখতারুজ্জামান, অরূপ রাহী, কৃষ্ণকলি ইসলাম ও বন্যা মির্জা।
সমাবেশে সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘আমরা পোশাকশিল্পের উন্নতি চাই এবং চাই শ্রমিকের নিরাপত্তা ও মজুরি। শ্রমিকের সর্বনিম্ন বেতন ১০ হাজার টাকা করা হোক।’ রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত প্রত্যেককে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তিনি।
আনু মুহাম্মদ বলেন, বর্তমান বাজারদর অনুযায়ী শ্রমিকদের মজুরি হওয়া উচিত ১৬ হাজার টাকা। তাই শ্রমিকদের বর্তমান আট হাজার টাকার দাবি মালিকদের খুশি মনেই মেনে নেওয়া উচিত। পাঁচ মাস অতিবাহিত হলেও রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের এখনো যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হয়নি অভিযোগ করে বক্তারা বলেন, শ্রমিক-পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার নামে সরকার নির্বাচনী ফায়দা লোটার চেষ্টা করছে।