পোশাকশ্রমিকদের পক্ষে ব্রিটিশ কোম্পানিগুলোর ওপর সরকারি চাপ
বাংলাদেশের পোশাকশিল্পের শ্রমিকদের জীবনমান বাড়াতে যুক্তরাজ্যের কোম্পানিগুলো যাতে উদ্যোগী হয়, সে জন্য তাদের ওপর সরকারি চাপ বাড়ছে। বাণিজ্যে নৈতিকতার নীতি অনুসরণের উদ্যোগ—ইথিকাল ট্রেডিং ইনিশিয়েটিভে এসব কোম্পানি যাতে অংশ নেয়, সে জন্য রাজি করাতে তাদের শীর্ষস্থানীয় নির্বাহীদের চলতি সপ্তাহেই এক বৈঠকে ডেকেছেন ব্রিটিশ সরকারের বৈদেশিক উন্নয়নমন্ত্রী জাস্টিন গ্রিনিং।
এ ছাড়া বৈদেশিক উন্নয়ন প্রতিমন্ত্রী অ্যালান ডানকান বাংলাদেশের নির্মাণ বিধিমালার মান উন্নয়ন ও তা বাস্তবায়নে যুক্তরাজ্য কী ধরনের সহায়তা দিতে পারে, তা আলোচনার জন্য গতকাল ঢাকা সফরে এসেছেন।
বৈদেশিক উন্নয়ন মন্ত্রণালয়ের (ডিএফআইডি) দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জাস্টিন গ্রিনিং এই বৈঠকে ২০টির মতো শীর্ষস্থানীয় কোম্পানির প্রধান নির্বাহীদের এই সভায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। যেসব কোম্পানির কর্মকর্তাদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের মধ্যে ১২টি ইতিমধ্যেই পোশাকশিল্পের শ্রমিকদের স্বাস্থ্য ও পেশাগত নিরাপত্তার মান উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে একটি বৈশ্বিক সমঝোতায় স্বাক্ষর করেছেন। তবে আটটি ব্রিটিশ কোম্পানি এখনো এই সমঝোতায় সই করেনি।
বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী শিল্প দুর্ঘটনাগুলোর অন্যতম সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় সহস্রাধিক মৃত্যুর পটভূমিতে এই বৈশ্বিক সমঝোতা স্মারক প্রণীত হয়।
যেসব ব্রিটিশ কোম্পানি এই সমঝোতায় এখনো সই করেনি, তাদের মধ্যে সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে আর্কেডিয়া গ্রুপ, যাদের অধীনে রয়েছে ব্রিটিশ হোম স্টোর বা বি এইচ এস, টপশপ, ডরোথি পার্কিন্স এবং ইভান্স। অন্য যেসব ব্রিটিশ কোম্পানি এই সমঝোতায় সই করেনি তারা হলো ম্যাটালান, অরোরা ফ্যাশনস, পিকক্স, শপ ডাইরেক্ট, হবস, ফ্রেঞ্চ কানেকশন, কারেন মিলেন ও অস্টিন রিড।
মিস গ্রিনিংয়ের এই বৈঠকে আমন্ত্রিতদের মধ্যে বৈশ্বিক সমঝোতায় অংশগ্রহণকারী কোম্পানি মার্কস অ্যান্ড স্পেন্সার, সেইন্সব্যারিস, টেসকো, জন লুইস, ডেবেনহ্যামের মতো সুপরিচিত প্রতিষ্ঠানগুলোর প্রধানেরাও রয়েছেন।