পোশাকশ্রমিকদের বিক্ষোভ
নৈমিত্তিক ছুটির দাবিতে সোনারগাঁ উপজেলার কাঁচপুরে তৈরি পোশাক কারখানা ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকেরা গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেছেন। মারধর করেছেন দুজন কর্মকর্তাকে। পরে কারখানা ছুটি ঘোষণা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
শিল্প পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা যায়, শ্রমিকেরা তাঁদের দাবি আদায়ে গতকাল সকালে কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে তাঁরা কারখানার সহকারী মহাব্যবস্থাপক মজিবুর রহমান ও লাইন সুপারভাইজার লিটন মিয়াকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ কারখানায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহত দুই কর্মকর্তাকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
কয়েকজন শ্রমিক জানান, সহকারী মহাব্যবস্থাপক মজিবুর রহমান দীর্ঘদিন ধরে তাঁদের নৈমিত্তিক ছুটি বন্ধ রেখেছেন। কেউ অসুস্থতার কারণে আসতে না পারলে তাঁর বেতন কেটে রাখা হয়। এসব কারণেই শ্রমিকেরা ক্ষুব্ধ।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা কর্নেল (অব.) দেলোয়ার হোসেন জানান, ছুটি নিয়ে কারখানার ভেতরের ডব্লিউ জি-৩ ভবনের কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের মতবিরোধ হয়। পরে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে থাকেন।